প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’। মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার বাণী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দ্রোহ, সাম্য ও অসাম্প্রদায়িকতা একত্রিত হয়েছিল একই মঞ্চে, একই প্রজন্মের সামনে।
‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ শুধু একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি ছিল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেই অঙ্গীকারের প্রতিফলন, যেখানে শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয় বরং দেশের সংস্কৃতি, মূল্যবোধ ও চেতনাকে ধারণ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসেন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল’-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহেদুর রহমান, অ্যাডমিন ও স্টুডেন্টস অ্যাফেয়ার্স ডিরেক্টর আফরোজা হেলেন, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী বলেন, এ আয়োজন শিক্ষার্থীদের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা, সৃজনশীলতা এবং জাতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাফেয়ার্স দপ্তর এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।