বেসরকারি এক বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কিশোরগঞ্জের ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে নীলগঞ্জ সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক থেকে সরে যান।
শিক্ষার্থীরা বলেন, আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বাধ্যবাধকতা থাকলেও ১৪ বছর পার হলেও তা বাস্তবায়ন করতে পারেনি কর্তৃপক্ষ। রহস্যজনক কারণে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো অগ্রগতি হয়নি বলেও দাবি তাদের। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়টি ইউজিসির নিম্নমানের তালিকায় রয়েছে। ফলে এখান থেকে পাস করার পর সনদের গ্রহণযোগ্যতা ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার চৌধুরী খায়রুল হাসান বলেন, আমরা তিন দিনের সময় নিয়েছি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দুই একর জমি কেনা হয়েছে। ট্রাস্টি বোর্ডের পরবর্তী সভায় এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।