০৯ মে ২০২৬, ১৩:৩১

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ‘অ্যালামনাই রিইউনিয়ন’ আয়োজনে অংশ নেন সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা  © সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘অ্যালামনাই রিইউনিয়ন’। শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। এই বছর ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছরপূর্তি হচ্ছে। এরই অংশ হিসেবে এই অ্যালামনাই রিইউনিয়নের আয়োজন করা হয়।

দিনব্যাপী এই মিলনমেলায় পুরোনো বন্ধু ও শিক্ষকদের সান্নিধ্য পান সাবেক শিক্ষার্থীরা। তারা কাটিয়েছেন দারুণ কিছু সময়। হাসি, আনন্দ, গানে তারা ফিরে যান বিশ্ববিদ্যালয় জীবনের প্রিয় ফেলে আসা দিনগুলোতে।

সাবেক শিক্ষার্থীদের উদ্দেশে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘আপনারা সবাই গত ২৫টি বছরে ব্র্যাক ইউনিভার্সিটির পথচলার গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের অর্জন, আন্তরিকতা ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অব্যাহত সম্পর্ক আমাদেরকে প্রেরণা দেয় আরও ভালো কাজ করার। আমাদের ভবিষ্যতে আরও বেশি অবদান রাখার অনুপ্রেরণা দেয়।’

প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, ‘ব্র্যাক ইউনিভার্সিটির আসল শক্তি আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। আমরা আমাদের ভিশন ও মিশনকে নতুনভাবে সাজিয়েছি। এর মধ্য দিয়ে আমরা এখন রিইমাজিনিং এক্সেলেন্সের পথে এগিয়ে যাচ্ছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা এবং উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ইমেরিটাস আইনুন নিশাত, ব্র্যাক বিজনেস স্কুলের ডিন মোহাম্মদ মুজিবুল হক, ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী ও একজন সাবেক শিক্ষার্থী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদ ও বিভাগের ডিন, চেয়ারপারসন, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লিডারশিপ টিমের সদস্যরা।

দিনব্যাপী এই আয়োজনে ছিল প্রীতি ফুটবল ম্যাচ, শিশুদের জন্য চিত্রাঙ্কনসহ নানা মজার অনুষ্ঠান, র‌্যাফেল ড্র,  জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন এর পারফরম্যান্স ও চলচ্চিত্র বনলতা এক্সপ্রেসের প্রদর্শনী।