০৫ মে ২০২৬, ১৭:৪০

এআইইউবিতে অনুষ্ঠিত হলো পদার্থবিজ্ঞান দিবস ২০২৬

সংগৃহীত ছবি  © সৌজন্যে প্রাপ্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে যথাযথ আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘পদার্থবিজ্ঞান দিবস ২০২৬’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল)  বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এফএসটি) ন্যাচারাল সায়েন্স বিভাগ (পদার্থবিজ্ঞান) এবং এআইইউবি অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্স ক্লাবের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত ডিন ড. মশিউর রহমান। আয়োজক কমিটির কনভেনর ফারজানা সাবিত সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিক হোসেন এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বিশিষ্ট গবেষক প্রফেসর ড. মো. খন্দকার সিদ্দিকী রাব্বানী শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

দিনের শেষ পর্বে আয়োজিত সেমিনারে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. নুসরাত জাহান তার গবেষণা নিবন্ধ উপস্থাপন করেন। এছাড়া বিভাগের প্রধান ড. হুমায়রা ফেরদৌস তার বক্তব্যে বিভাগের গবেষণা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প প্রদর্শনী। পাশাপাশি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিভিন্ন বিভাগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।