০৩ মে ২০২৬, ১৭:০৮

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাংকিংস: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষে এনএসইউ

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংসে এনএসইউ ৩৫১–৪০০ ধাপে স্থান পেয়েছে  © সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৬–এ আঞ্চলিক অঙ্গনে আবারও নিজেদের শক্ত অবস্থান প্রমাণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত এই র‍্যাংকিংসে এনএসইউ ৩৫১–৪০০ ধাপে স্থান পেয়েছে। 

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষ স্থান অধিকার করেছে এনএসইউ, একই অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাংলাদেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তারা ৩০১–৩৫০ ধাপে স্থান পেয়েছে। 

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাংকিংস ২০২৬–এ ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ—এই প্রধান সূচকগুলোর ওপর ভিত্তি করে ১৮টি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে।

এ অর্জন নিয়ে সন্তোষ প্রকাশ করে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন। আমরা আমাদের একাডেমিক মান উন্নয়ন, গবেষণা কার্যক্রম জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এনএসইউকে বৈশ্বিক পর্যায়ে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
 
টাইমস হায়ার এডুকেশনের এই স্বীকৃতি এনএসইউর ধারাবাহিক অগ্রগতি এবং বাংলাদেশ ও এশিয়ায় একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে ওঠার প্রচেষ্টাকে তুলে ধরেছে।