০১ মে ২০২৬, ২৩:৫০

আন্তর্জাতিক সম্মেলনে ডিআইইউর প্রতিনিধিত্ব করবেন হাসিন ইসরাক

হাসিন ইশরাক  © টিডিসি

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক ১১তম আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশ নিতে যাচ্ছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হাসিন ইসরাক। আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কার রুহুনা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০০ গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেবেন।

সম্মেলনে হাসিন ইসরাক ‘র‌্যাপোর্টিয়ার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি একটি অধিবেশনে পাঁচ মিনিটের বক্তব্য উপস্থাপন করবেন এবং সম্মেলন শেষে পুরো আয়োজনের ওপর প্রায় ৫০ হাজার শব্দের একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন।

গত ২১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলনে অংশগ্রহণের অফার লেটার গ্রহণ করেন। এর মাধ্যমে আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে ডিআইইউর গবেষণা কার্যক্রম, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধা তুলে ধরবেন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী বলেন, হাসিন ইসরাক শুধু বিভাগ নয়, পুরো ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরবেন। তিনি অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় সবসময় গবেষণা-ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে এবং এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

নিজের প্রতিক্রিয়ায় হাসিন ইসরাক বলেন, ডিআইইউর প্রতিনিধিত্ব করার এই সুযোগটি আমার জন্য অত্যন্ত গর্বের। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। আমি আশা করি, এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাকে সফলভাবে তুলে ধরতে পারব।

উল্লেখ্য, এর আগে তিনি বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের সৌজন্যে পুলিশ প্রধানের হাত থেকে ‘বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৯’ এবং ‘বাংলাদেশ পুলিশ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ লাভ করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার একাডেমিক সাফল্য ও দক্ষতা বিবেচনায় নিয়ে তাকে বিশেষভাবে মনোনীত করে। এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে এবং তার পক্ষে সুপারিশপত্র প্রদান করা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কান দূতাবাসের মাধ্যমে তাকে অগ্রাধিকার ভিত্তিতে ভিসা সুবিধা দেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।