০৭ এপ্রিল ২০২৬, ১৬:০৯

৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  © টিডিসি সম্পাদিত

দেশের বেসরকারি উচ্চশিক্ষার অন্যতম পথিকৃৎ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) গৌরবময় ৩১ বছরে পদার্পণ করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে কেক কেটে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রখ্যাত শিক্ষাবিদ ড. এ বি এম মফিজুল ইসলাম পাটোয়ারীর হাত ধরে ১৯৯৫ সালে যাত্রা শুরু করে এই অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠানটি। শুরু থেকেই কঠোর শিক্ষাসূচি ও মানসম্মত পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের একটি সুদৃঢ় অবস্থানে নিয়ে গেছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৩টি অনুষদের অধীনে ৩৯টি বিভাগ সচল রয়েছে। প্রকৌশল, ব্যবসায় প্রশাসন, আইন, ফার্মেসিসহ বিভিন্ন বিভাগে এখন প্রায় ১৪ হাজার ৬৮৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন, যার মধ্যে ৬৪ জন বিদেশি শিক্ষার্থীও রয়েছেন।

গবেষণা ও আধুনিক শিক্ষার প্রসারে ডিআইইউ বরাবরই অগ্রগামী। শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে ৫টি রিসার্চ সেল এবং ৫০ হাজারেরও বেশি বই সমৃদ্ধ সুবিশাল লাইব্রেরি। এছাড়া সিএসই, ইইই ও সিভিল বিভাগের ল্যাবগুলো আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত, যা দক্ষ জনবল তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি ৮টি সফল সমাবর্তন সম্পন্ন করেছে এবং এর প্রাক্তন শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাতার মূল লক্ষ্য ছিল মানসম্মত শিক্ষা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। চতুর্থ দশকে পা রেখে আমরা এখন যুগোপযোগী ও আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছি। বিশেষ করে বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন-অফলাইন শিক্ষার সমন্বয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। গুণগত শিক্ষা ও মানবিক মূল্যবোধ প্রসারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।