১৮ মার্চ ২০২৬, ০৮:১৩

ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী

ডিআইইউ  © ফাইল ফটো

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) আইন বিভাগের ৬২ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিল-এর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জানা গেছে, সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী এই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গত রোববার (১৫ মার্চ ২০২৬) বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ থেকে ৩০ নভেম্বর ২০২৫ এবং ১৩ থেকে ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত ভাইভা পরীক্ষায় নির্ধারিত রোল নম্বরধারী প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। এ পরীক্ষায় উত্তীর্ণরা দেশে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, উত্তীর্ণ প্রার্থীরা দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর হাইকোর্ট বিভাগের অধীনস্থ যেকোনো আদালত, ট্রাইব্যুনাল বা রাজস্ব কর্তৃপক্ষের অধীনে আইন পেশা পরিচালনার সুযোগ পাবেন। তবে আইন পেশায় কার্যক্রম শুরু করতে তাদের ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করতে হবে।

এ বিষয়ে ডিআইইউ আইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নাসির আহমেদ বলেন, বার কাউন্সিল পরীক্ষায় ধারাবাহিক সাফল্য বিভাগের মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের প্রতিফলন। শিক্ষার্থীরা শুধু এলএলবি ডিগ্রি অর্জন করেই বের হচ্ছে না, বরং তারা দক্ষ ও পেশাদার আইনজীবী হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতাও অর্জন করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিভাগের জন্য গর্বের এবং এটি প্রমাণ করে যে, ডিআইইউ আইন বিভাগের শিক্ষা কার্যক্রম বাস্তবমুখী ও মানসম্মত। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।