০৯ মার্চ ২০২৬, ২২:২৬

শতাধিক শিক্ষার্থীর সঙ্গে ইফতার ও ঈদ উপহার বিতরণ 

ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ  © সংগৃহীত

সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল রবিবার (৮ মার্চ) এ কর্মসূচির আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগ।

ইইই বিভাগের আমন্ত্রণে জ্ঞানের পাঠশালার শিক্ষার্থীরা বিশেষ অতিথি হিসেবে এই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ইইই বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, ইইই ক্লাবের সদস্যবৃন্দ, পিস হোল্ডিংস লিমিটেডের সদস্যরা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। তারা শিশুদের সঙ্গে আন্তরিক পরিবেশে ইফতার করেন এবং তাদের সঙ্গে সময় কাটান।

ইফতার শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় ঈদ পিস হোল্ডিংসের দেওয়া নতুন পোশাক ও উপহার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

ইইই বিভাগের বিভাগীয় প্রধান মো. দারা আব্দুস সাত্তার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে এবং তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের সকলের উচিত জ্ঞানের পাঠশালার মতো প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানো, যারা সমাজের পিছিয়ে পড়া শিশুদের পড়ালেখাসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

পিস হোল্ডিংসের চেয়ারম্যান মো. শরিফুজ্জামান বলেন, কোনো জাতি আত্মবিশ্বাসী হয়ে ওঠে তখনই, যখন তারা শিক্ষায় এগিয়ে থাকে। আর সুবিধাবঞ্চিতরা যখন শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে যায়, তখন সমাজে বৈষম্য তৈরি হয়। তাই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জ্ঞানের পাঠশালা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে পিস হোল্ডিংস আগেও পাশে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।

জ্ঞানের পাঠশালার প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন এই মানবিক উদ্যোগের জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইইই বিভাগ, ইইই ক্লাব এবং পিস হোল্ডিংসসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, সমাজের সামর্থ্যবানরা যদি এভাবে এগিয়ে আসে, তাহলে জ্ঞানের পাঠশালার প্রায় দুই শতাধিক শিশুর পড়ালেখা নিশ্চিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতে আরও সুবিধাবঞ্চিত শিশুদের পড়ালেখাসহ মৌলিক অধিকার নিশ্চিত করা যাবে।