আরও এক শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ
মানিকগঞ্জের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘দ্য গ্রানাডা স্কুল’ (টিজিএস)-এর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘দি ক্রিসেন্ট একাডেমি’ নামকরণ করার প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের আবেদন পাওয়ার পর নির্ধারিত নীতিমালা অনুযায়ী সরেজমিনে পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও যৌক্তিকতাসহ স্বয়ংসম্পূর্ণ প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩)-এর ১৪.৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।