স্মার্টফোন চালাতেই হিমশিম, ডিজিটাল শিক্ষাদানেও অদক্ষ ৮০%—তবুও ট্যাব পাচ্ছেন প্রাথমিকের ৩ লক্ষাধিক শিক্ষক
প্রাথমিক শিক্ষার আধুনিকায়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন লক্ষাধিক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে শিক্ষকদের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, বয়স ও প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভাবনার দাবি রাখে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) এক গবেষণায় দেখা গেছে, ৮০ দশমিক ৬ শতাংশ শিক্ষক শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা যথাযথভাবে প্রয়োগের দক্ষতা অর্জন করতে পারেননি। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ে ৪৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৩৪ হাজারের বেশি। তাদের অনেকের জন্য নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বাড়তি চ্যালেঞ্জ হতে পারে। এর সঙ্গে বিদ্যালয়ভেদে কম্পিউটার, মাল্টিমিডিয়া ও ইন্টারনেট-সুবিধার ঘাটতিও রয়েছে। ফলে শিক্ষকদের হাতে ট্যাব পৌঁছে দিলেই শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর পাঠদান নিশ্চিত হবে, নাকি এর জন্য প্রয়োজন আরও বিস্তৃত প্রস্তুতি—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নেপের ‘এক্সপ্লোরিং টিচার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি স্কিলস অ্যামং দ্য গভর্নমেন্ট প্রাইমারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় উঠে এসেছে, ডিজিটাল শিক্ষা সম্পর্কে শিক্ষকদের ধারণা ও শ্রেণিকক্ষে এর বাস্তব প্রয়োগের মধ্যে উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে। ২ দশমিক ৭ শতাংশ শিক্ষক ডিজিটাল শিক্ষা সম্পর্কে নিজেদের ধারণাকে ‘চমৎকার’, ৯ দশমিক ১ শতাংশ ‘খুব ভালো’ এবং ২৩ দশমিক ৯ শতাংশ ‘ভালো’ বলে মূল্যায়ন করেছেন। তবে শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখিয়েছেন মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ শিক্ষক। অর্থাৎ ৮০ দশমিক ৬ শতাংশ শিক্ষক এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রয়োগদক্ষতার মানদণ্ড পূরণ করতে পারেননি।
নেপের ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা কার্যক্রমের আওতায় পরিচালিত এ গবেষণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একবিংশ শতাব্দীর দক্ষতা সম্পর্কে ধারণা এবং শ্রেণিকক্ষে সেগুলোর প্রয়োগের চিত্র তুলে ধরা হয়েছে। দেশের আট বিভাগের ১৬টি উপজেলার ৬৯১ জনের বেশি শিক্ষককে এতে অন্তর্ভুক্ত করা হয়।
আমাদের শিক্ষকরা যথাযথভাবে প্রস্তুত নন। তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণের মান ভালো নয়, প্রশিক্ষণ কাজে লাগে না এবং প্রশিক্ষণ যথাযথভাবে পরিচালিত হয় না, এ ধরনের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে।—ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
গবেষণায় একবিংশ শতাব্দীর বিভিন্ন দক্ষতা সম্পর্কে শিক্ষকদের ধারণাগত ঘাটতির বিষয়টিও উঠে এসেছে। ৩৫ দশমিক ২ শতাংশ শিক্ষক বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন। ডিজিটাল সাক্ষরতা ও আত্মব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন যথাক্রমে ২৯ দশমিক ৫ ও ২৯ দশমিক ৮ শতাংশ শিক্ষক।
গবেষণার ফলাফল বলছে, শুধু পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখানোই নয়, শিক্ষার্থীদের আধুনিক জীবন ও কর্মজগতের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করার ক্ষেত্রেও শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি রয়েছে। ডিজিটাল সাক্ষরতা, বৈশ্বিক নাগরিকত্ব এবং সমস্যা সমাধানের মতো দক্ষতায় শহরের শিক্ষকদের তুলনায় গ্রামের শিক্ষকদের পিছিয়ে থাকার চিত্রও পাওয়া গেছে। এ কারণে সব শিক্ষকের জন্য একই ধরনের প্রশিক্ষণের পরিবর্তে তাদের প্রয়োজন ও বিদ্যালয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে গবেষণায়।
ট্যাব পাবেন তিন লক্ষাধিক শিক্ষক
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৪১ হাজার ৯০ কোটি টাকা ব্যয়ে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চলতি বছরের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত পাঁচ বছর মেয়াদে কর্মসূচিটি বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি করে ট্যাব দেওয়ার উদ্যোগ রয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) তথ্য অনুযায়ী, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ৩ লাখ ৭২ হাজার ৬৩২ জন এবং শিক্ষার্থী রয়েছে এক কোটির বেশি। অন্যদিকে, পিইডিপি-৫-সংক্রান্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে শিক্ষকের সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৬২৪ জন বলে জানা গেছে। এ হিসাবে কর্মসূচির আওতায় তিন লক্ষাধিক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার চেয়ে বিদ্যালয়ভিত্তিক আইসিটি কার্যক্রম, প্রশিক্ষণ এবং কনটেন্ট তৈরির সক্ষমতা বাড়ানো বেশি জরুরি— নাম প্রকাশে অনচ্ছুক এক শিক্ষক
বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৩৩ হাজার ২০৩ কোটি ৪৮ লাখ টাকা দেওয়া হবে। বাকি ৭ হাজার ৮৮৭ কোটি ২৫ লাখ টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে সংস্থানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, এ কর্মসূচির আওতায় প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে নতুন বিদ্যালয় স্থাপন, পুরোনো বিদ্যালয় সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ, একজন শিক্ষককে একটি ট্যাব প্রদান, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন, শিক্ষার্থীদের জুতা, স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ। তবে প্রকল্পের পরামর্শকসহ কয়েকটি খাতের ব্যয় যৌক্তিকীকরণ এবং কিছু ব্যয় রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে এসব পর্যবেক্ষণ যুক্ত করে প্রকল্পটি পুনরায় উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষিতের হার বেশি, তবুও প্রয়োগদক্ষতায় ঘাটতি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার পরিসংখ্যানেও উচ্চশিক্ষিত শিক্ষকের আধিক্য দেখা যায়। তবে শিক্ষাগত যোগ্যতার এই চিত্রের সঙ্গে শ্রেণিকক্ষে আধুনিক প্রযুক্তি ও একবিংশ শতাব্দীর দক্ষতা প্রয়োগের সক্ষমতার সরাসরি প্রতিফলন পাওয়া যাচ্ছে না নেপের গবেষণায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি প্রতিবেদন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৮০ জন। দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ হাজার ৯৯১ জন শিক্ষক স্নাতক (পাস) ডিগ্রিধারী। এ ছাড়া উচ্চমাধ্যমিক পাস শিক্ষক রয়েছেন ৪২ হাজার ৩০৪ জন এবং স্নাতক (সম্মান) ডিগ্রিধারী ২০ হাজার ৯৮৪ জন।
অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মধ্যে বিএসএস ডিগ্রিধারী শিক্ষক রয়েছেন ১৩ হাজার ১১৯ জন, এসএসসি পাস ৮ হাজার ৫৭৯ জন এবং এমবিএ ডিগ্রিধারী ৭ হাজার ৭১০ জন।
প্রবীণ ও মধ্যবয়সী শিক্ষক প্রায় দেড় লক্ষ, ট্যাব ব্যবহারে শঙ্কা
শিক্ষকদের বয়সভিত্তিক পরিসংখ্যানেও ট্যাব ব্যবহারের প্রস্তুতি নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি প্রতিবেদন অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ২৬৩ জন। ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৭৭৭ জন। অর্থাৎ ৪৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষকের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪০ জন।
এ ছাড়া ৩৬ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৩ জন। ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষকের সংখ্যা ৮২ হাজার ৮৩৫ জন। ফলে বিপুলসংখ্যক শিক্ষকের হাতে ট্যাব পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা ও প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলেন, “আমরা যেটা জানি, তা হলো প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ট্যাব দেওয়া হবে, সেটার মান কেমন হবে? এর আগে আমাদের বিদ্যালয়ে কম্পিউটার দেওয়া হয়েছে। আমার বিদ্যালয়ে দুটি কম্পিউটার রয়েছে, কিন্তু দুটিই নষ্ট। আমি নিজের ব্যক্তিগত কম্পিউটার ব্যবহার করে বিদ্যালয়ের কাজ করি। এখন ট্যাব দেওয়া হলে সেটি কতটা কার্যকর হবে, সেটিও বিবেচনা করা দরকার।
“আমার মনে হয়, আগে বিদ্যালয়গুলোর প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করতে হবে। ভালো মানের ডিভাইস দিতে হবে। অনেক বিদ্যালয়ে এখনো ইন্টারনেট সংযোগ নেই। আবার যেসব বিদ্যালয়ে ইন্টারনেট আছে, সেখানেও সেটি কতটা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে, তা দেখতে হবে।”
তিনি বলেন, “আমাদের দেশের প্রায় ৫০ শতাংশ মানুষ এখন ডিজিটাল ডিভাইস পরিচালনা করতে পারেন। তবে বাকি অনেকেরই প্রশিক্ষণ প্রয়োজন। বিশেষ করে বয়স্ক শিক্ষকদের অনেকের কাছে এখনো অ্যান্ড্রয়েড ফোন নেই। তাদের কাছে বাটন ফোন রয়েছে। আমার আশপাশের অভিজ্ঞতা থেকে আনুমানিক বলছি, এমন শিক্ষকের সংখ্যাও কম নয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৬ থেকে ৫৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৯ হাজার ২৬৩ জন। ৫৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষক রয়েছেন ২৪ হাজার ৭৭৭ জন। অর্থাৎ ৪৬ বছর বা তার বেশি বয়সী শিক্ষকের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪০ জন। এ ছাড়া ৩৬ থেকে ৪৫ বছর বয়সী শিক্ষক রয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৩ জন। ২৬ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষকের সংখ্যা ৮২ হাজার ৮৩৫ জন।—প্রাথমিক বিদ্যালয় শুমারি প্রতিবেদন
তিনি আরও বলেন, “আমি ২০১১ সালে প্রাথমিক পর্যায়ে আইসিটি প্রশিক্ষণ নিয়েছি। পরবর্তী সময়ে আমার বাংলা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আইসিটি নিয়ে কাজ করার অভিজ্ঞতাও হয়েছে। আমি নিজেই কম্পিউটারে কাজ করি। তাই আমার মনে হয়, প্রত্যেক শিক্ষককে আলাদা করে ট্যাব না দিয়ে বিদ্যালয়ভিত্তিক আইসিটি কার্যক্রমকে শক্তিশালী করা যেতে পারে।”
ওই শিক্ষক বলেন, “প্রত্যেক শিক্ষককে ট্যাব দেওয়ারও প্রয়োজন দেখি না। সব ক্লাসে আইসিটি ব্যবহার করে পাঠদান করা সম্ভব নয়। আমাদের বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে, কিন্তু সব বিদ্যালয়ে তা নেই। কোথাও আছে, কোথাও নেই। অথচ মাল্টিমিডিয়া ও প্রয়োজনীয় কনটেন্টের মাধ্যমে পাঠদান নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া দরকার।
ট্যাবের পরিবর্তে ভালো কন্টেন্ট তৈরির গুরুত্ব দিয়ে এই শিক্ষক বলেন, “প্রাথমিক পর্যায়ে কনটেন্ট তৈরির ওপর গুরুত্ব দেওয়া দরকার। আইসিটি এখন ছাড়া চলে না, এটি সবাই জানেন। নতুন যারা শিক্ষক হিসেবে যোগ দিচ্ছেন, তাদের অনেকেই কম্পিউটারে দক্ষ। যারা কম্পিউটার চালাতে পারেন, তাদের প্রত্যেকেরই ব্যক্তিগত কম্পিউটার আছে। পাশাপাশি প্রায় প্রতিটি বিদ্যালয়েই কমবেশি কম্পিউটার রয়েছে। সেগুলো ব্যবহার করেও বিদ্যালয়ের কাজ করা সম্ভব।”
প্রশিক্ষণের বিষয়ে তিনি বলেন, “কনটেন্ট তৈরির জন্য যারা আগে থেকেই কম্পিউটার চালাতে পারেন, তাদের ১০ দিনের প্রশিক্ষণই যথেষ্ট হতে পারে। তবে যারা কম্পিউটার চালাতে পারেন না, তাদের জন্য ১০ দিনের প্রশিক্ষণ যথেষ্ট নয়। অর্থাৎ প্রশিক্ষণ শিক্ষকদের দক্ষতা ও প্রয়োজন অনুযায়ী হতে হবে। প্রতিটি বিদ্যালয়ে একজন করে আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রয়েছেন। তাদের কাজে লাগানো যেতে পারে। প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়ার চেয়ে বিদ্যালয়ভিত্তিক আইসিটি কার্যক্রম, প্রশিক্ষণ এবং কনটেন্ট তৈরির সক্ষমতা বাড়ানো বেশি জরুরি।”
ট্যাব বিতরণের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে ওই শিক্ষক বলেন, “সরকার যে উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে আমার ব্যক্তিগত মন্তব্য হলো, বিষয়টি খুব বেশি কার্যকর হবে বলে মনে করি না। প্রত্যেক শিক্ষককে একটি করে ট্যাব দেওয়া হলে সেটি তারা নিজেরা কতটা ব্যবহার করবেন, সেটিও দেখার বিষয়। অনেক ক্ষেত্রে শিক্ষকের বাড়িতে ট্যাব থাকবে, কিন্তু সেটি তার ছেলে বা মেয়ে ব্যবহার করবে। তাই সঠিক মনিটরিং না থাকলে এই উদ্যোগের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।”
তিনি আরও বলেন, “যারা কম্পিউটার চালাতে পারেন, তাদের বিদ্যালয়ের কাজের জন্য প্রয়োজনীয় ডিভাইস রয়েছে। তাই প্রত্যেক শিক্ষককে আলাদা করে ট্যাব দেওয়ার পরিবর্তে এই অর্থ অন্য প্রয়োজনীয় খাতে ব্যয় করা যায় কি না, সেটিও ভাবা দরকার।”
ট্যাব দিলেই হবে না, শিক্ষকদের দক্ষতাও বাড়াতে হবে
শিক্ষকদের দক্ষতা ও প্রস্তুতির ঘাটতি নতুন কোনো বিষয় নয় বলে মনে করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ। তার মতে, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হলেও এর মান ও কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে।
তিনি বলেন, ‘আমাদের শিক্ষকরা যথাযথভাবে প্রস্তুত নন। তাদের দক্ষতার ঘাটতি রয়েছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণের মান ভালো নয়, প্রশিক্ষণ কাজে লাগে না এবং প্রশিক্ষণ যথাযথভাবে পরিচালিত হয় না—এ ধরনের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে।’
নেপের গবেষণাকে ভালো উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, শুধু গবেষণা করে সমস্যা তুলে ধরলেই হবে না, এখন সমাধানের পথে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করতে হবে। বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে কী করা যায়, তা নির্ধারণ করতে হবে। গবেষণার পাশাপাশি সমস্যা সমাধানের দায়িত্বও নিতে হবে।
অধ্যাপক মনজুর আহমেদ মনে করেন, শিক্ষকদের দক্ষতার ঘাটতি দূর করতে চাকরিতে প্রবেশের পর দেওয়া প্রশিক্ষণের পাশাপাশি তাদের প্রাথমিক প্রস্তুতির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। তার মতে, শিক্ষকতায় যারা আসছেন, তাদের অনেকের মধ্যে প্রয়োজনীয় মেধা ও দক্ষতার ঘাটতি রয়েছে। অন্যদিকে, চাকরিতে প্রবেশের পর তাদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেটিও যথেষ্ট নয়। বিচ্ছিন্নভাবে কিছু প্রশিক্ষণ আয়োজন না করে শিক্ষক প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।
শিক্ষকদের প্রশিক্ষণের কার্যকারিতা বাড়াতে ব্যবহারিক পাঠদান ও অভিজ্ঞ শিক্ষকদের দিকনির্দেশনার ওপরও গুরুত্ব দেন তিনি। তার মতে, প্রশিক্ষণের অংশ হিসেবে বিদ্যালয়ে অনুশীলনমূলক পাঠদানের সুযোগ থাকলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে হয় না। নতুন শিক্ষকদের পাঠদান পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য অভিজ্ঞ ব্যক্তিকে যুক্ত করা প্রয়োজন।
অধ্যাপক মনজুর আহমেদের মতে, শিক্ষক প্রস্তুতি ও প্রশিক্ষণের পাশাপাশি বিদ্যালয় ব্যবস্থাপনা এবং তদারকির দুর্বলতাও দূর করতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে এসব বিষয়কে একটি সামগ্রিক ও সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।