১৩ নভেম্বর ২০২৬, ২২:৫৫

প্রাথমিক শিক্ষকদের বিষয়জ্ঞান ‘ভালো’, শ্রেণিকক্ষে প্রয়োগে পিছিয়ে ৭০ শতাংশ

শিক্ষার্থীদের পাঠদান করছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক  © টিডিসি সম্পাদিত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশের বিষয়ভিত্তিক জ্ঞান শ্রেণিকক্ষের পাঠদানে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। বিষয়বস্তু সম্পর্কে ভালো ধারণা থাকা সত্ত্বেও সেই জ্ঞান শিক্ষার্থীদের সহজে বোঝানো, পাঠের সঙ্গে বাস্তব উদাহরণের সংযোগ তৈরি এবং শিক্ষার্থীদের সক্রিয়ভাবে শেখার প্রক্রিয়ায় যুক্ত করার ক্ষেত্রে অনেক শিক্ষক পিছিয়ে রয়েছেন। ফলে শিক্ষকদের অর্জিত জ্ঞান ও শ্রেণিকক্ষে তার কার্যকর প্রয়োগের মধ্যে তৈরি হয়েছে উল্লেখযোগ্য ব্যবধান।

সম্প্রতি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) এক গবেষণায় দেখা গেছে, ৪২ দশমিক ৮ শতাংশ শিক্ষক নিজেদের বিষয়জ্ঞানকে ‘ভালো’ বলে মূল্যায়ন করেছেন। কিন্তু শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখাতে পেরেছেন মাত্র ৩০ দশমিক ১ শতাংশ। অর্থাৎ গবেষণার নির্ধারিত মানদণ্ডে প্রায় ৭০ শতাংশ শিক্ষক যথাযথ প্রয়োগদক্ষতা দেখাতে পারেননি।

গবেষণাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একবিংশ শতাব্দীর দক্ষতা সম্পর্কে ধারণা ও শ্রেণিকক্ষে তার প্রয়োগ নিয়ে। নেপের ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা কার্যক্রমের তালিকায় এটি রয়েছে। গবেষণার ফলাফলে বিষয়জ্ঞান, পাঠদান-পদ্ধতি ও ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে শিক্ষকদের আত্মমূল্যায়ন এবং বাস্তব প্রয়োগের মধ্যে ব্যবধান দেখা গেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) 

গবেষণায় বিষয়জ্ঞান সম্পর্কে শিক্ষকদের আত্মমূল্যায়নের চিত্রও তুলে ধরা হয়েছে। ৭ দশমিক ২ শতাংশ শিক্ষক নিজেদের বিষয়জ্ঞানকে ‘চমৎকার’ এবং ১৪ দশমিক ৬ শতাংশ ‘খুব ভালো’ বলে মূল্যায়ন করেছেন। অর্থাৎ ‘ভালো’, ‘খুব ভালো’ ও ‘চমৎকার’—এই তিন শ্রেণিতে নিজেদের বিষয়জ্ঞানকে রেখেছেন মোট ৬৪ দশমিক ৬ শতাংশ শিক্ষক। কিন্তু শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান যথাযথভাবে প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছেন মাত্র ৩০ দশমিক ১ শতাংশ।

৪২ দশমিক ৮ শতাংশ শিক্ষক নিজেদের বিষয়জ্ঞানকে ‘ভালো’ বলে মূল্যায়ন করেছেন। কিন্তু শ্রেণিকক্ষে বিষয়জ্ঞান যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখাতে পেরেছেন মাত্র ৩০ দশমিক ১ শতাংশ। অর্থাৎ গবেষণার নির্ধারিত মানদণ্ডে প্রায় ৭০ শতাংশ শিক্ষক যথাযথ প্রয়োগদক্ষতা দেখাতে পারেননি।

‘Exploring Teacher Understanding About 21st Century Skills Among the Government Primary Schools of Bangladesh’ শীর্ষক গবেষণায় ১৩ হাজারের বেশি শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের আট বিভাগের ১৬টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এ গবেষণা পরিচালিত হয় বলে গবেষণাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

গবেষণায় শিক্ষকদের একবিংশ শতাব্দীর ১৩টি দক্ষতা সম্পর্কে ধারণা ও সেগুলো শ্রেণিকক্ষে প্রয়োগের সক্ষমতা পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পাঠদান-পদ্ধতি, বিষয়জ্ঞান, ডিজিটাল সাক্ষরতা, সমালোচনামূলক চিন্তা, সৃজনশীল চিন্তা, সমস্যা সমাধান, আত্মব্যবস্থাপনা, সিদ্ধান্ত গ্রহণ, যোগাযোগ, জীবনদক্ষতা ও সহযোগিতার মতো বিষয়।

ডিজিটাল শিক্ষা প্রয়োগে আরও পিছিয়ে
শুধু বিষয়জ্ঞান নয়, ডিজিটাল শিক্ষা সম্পর্কেও শিক্ষকদের ধারণা ও শ্রেণিকক্ষে প্রয়োগের মধ্যে ব্যবধান রয়েছে। গবেষণায় ২ দশমিক ৭ শতাংশ শিক্ষক ডিজিটাল শিক্ষা সম্পর্কে নিজেদের ধারণাকে ‘চমৎকার’, ৯ দশমিক ১ শতাংশ ‘খুব ভালো’ এবং ২৩ দশমিক ৯ শতাংশ ‘ভালো’ বলে মূল্যায়ন করেছেন। কিন্তু শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা যথাযথভাবে প্রয়োগের দক্ষতা দেখিয়েছেন মাত্র ১৯ দশমিক ৪ শতাংশ শিক্ষক। অর্থাৎ এ ক্ষেত্রেও ৮০ শতাংশের বেশি শিক্ষক যথাযথ প্রয়োগদক্ষতার মানদণ্ড পূরণ করতে পারেননি।

গবেষণায় একবিংশ শতাব্দীর বিভিন্ন দক্ষতা সম্পর্কে শিক্ষকদের ধারণার ঘাটতিও উঠে এসেছে। ৩৫ দশমিক ২ শতাংশ শিক্ষক বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন। ডিজিটাল সাক্ষরতা ও আত্মব্যবস্থাপনার ক্ষেত্রে এ হার যথাক্রমে ২৯ দশমিক ৫ ও ২৯ দশমিক ৮ শতাংশ। এসব ফলাফল থেকে বোঝা যায়, পাঠ্যবইয়ের বিষয়বস্তু শেখানোর পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক জীবন ও কর্মজগতের উপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করার ক্ষেত্রেও শিক্ষকদের প্রস্তুতির ঘাটতি রয়েছে।

শহর-গ্রামের শিক্ষকদের দক্ষতায় পার্থক্য
শিক্ষকদের দক্ষতার ক্ষেত্রে শহর ও গ্রামের বিদ্যালয়ের মধ্যেও পার্থক্য পাওয়া গেছে। ডিজিটাল সাক্ষরতা, বৈশ্বিক নাগরিকত্ব এবং সমস্যা সমাধানের মতো দক্ষতায় শহরের শিক্ষকদের তুলনায় গ্রামের শিক্ষকদের পিছিয়ে থাকার চিত্র উঠে এসেছে। ফলে সব এলাকার শিক্ষকদের জন্য একই ধরনের প্রশিক্ষণ না দিয়ে তাঁদের প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন সাপ্লিমেন্টারিতে বসা পরীক্ষার্থীরা

গবেষণায় শিক্ষকদের পেশাগত উন্নয়নে তাত্ত্বিক প্রশিক্ষণের পাশাপাশি ব্যবহারিক ও শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি, নিয়মিত পেশাগত উন্নয়ন এবং শিক্ষকদের দক্ষতা মূল্যায়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রযুক্তি সরঞ্জাম বিতরণই যথেষ্ট নয়
এদিকে প্রাথমিক বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার বাড়াতে শিক্ষকদের হাতে ট্যাব দেওয়ার পরিকল্পনা করছে সরকার। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগের আওতায় শিক্ষকদের পাঠপরিকল্পনা, প্রশ্নব্যাংক এবং শিক্ষার্থীদের শিখন-অগ্রগতির তথ্য সংরক্ষণের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষকদের বিষয়জ্ঞান ও শ্রেণিকক্ষে তার প্রয়োগের মধ্যে ব্যবধানের এই চিত্র নতুন উদ্যোগের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি করছে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ ও ডিজিটাল ল্যাবের মতো প্রযুক্তি সরঞ্জাম সরবরাহ করা হলেও সব ক্ষেত্রে সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়নি। শিক্ষক প্রশিক্ষণের ঘাটতি, বিদ্যুৎ ও ইন্টারনেট-সংকট, দুর্বল তদারকি এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবকে এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নেপের গবেষণায় উঠে আসা চিত্র বলছে, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের বিষয়জ্ঞান বাড়ানোর পাশাপাশি সেই জ্ঞান শ্রেণিকক্ষে কার্যকরভাবে প্রয়োগের সক্ষমতা তৈরি করা জরুরি। শুধু প্রশিক্ষণ বা প্রযুক্তি সরঞ্জাম সরবরাহ নয়, শিক্ষকদের পাঠদানের বাস্তব দক্ষতা কতটা বাড়ছে, তা নিয়মিত মূল্যায়নের ওপরও গুরুত্ব দিতে হবে।