বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ নিয়ে আলোচনায় বসছে মন্ত্রণালয়, সভার তারিখ ঘোষণা
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক আলোচনা করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর (রবিবার) দুপুরে সচিবালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়, আগামী ১৫ নভেম্বর (রোববার) দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়ার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য বিষয় হিসেবে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণে অন্তর্ভুক্তিকরণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রবি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) সিদ্দিক জুবায়ের থাকবেন।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনের ৬১০-৬১২ নম্বর কক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ১৬ জন ব্যক্তিকে আমন্ত্রণও জানানো হয়েছে।