প্রাথমিকের ২১১ কোটি টাকার বই মুদ্রণ প্রস্তাব অনুমোদনের সুপারিশ
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবই মুদ্রণে ২১১ কোটি টাকার সংশোধিত চুক্তিমূল্যের প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মূল চুক্তিমূল্যের তুলনায় এতে ব্যয় বাড়ছে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৫৩তম সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় বিবিধ বিষয়সহ মোট ২৩টি প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৯৮টি লটের মধ্যে ৯৪টি লটের মুদ্রিত পাঠ্যবইয়ের বর্ধিত ফর্মার জন্য ভেরিয়েশন প্রস্তাব দেওয়া হয়। এতে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৩ টাকা ৮০৫ পয়সা ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পাঠ্যবই মুদ্রণের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা ৮৬ পয়সা। এর সঙ্গে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত অর্থ যুক্ত হলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াবে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৭ টাকা ৮৯১ পয়সা। যা মূল চুক্তিমূল্যের তুলনায় প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেশি।
৯৪টি লটের আওতায় মোট ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যবইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণ করা হবে। এ কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপস্থাপিত প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে কমিটি।