১০ নভেম্বর ২০২৬, ২১:৫৩

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতার অভিযোগ  © টিডিসি সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী। মন্ত্রণালয় পর্যায়ে বদলির আবেদন নিষ্পত্তিতে তিন মাস পর্যন্ত সময় লাগার অভিযোগ তুলে ধরে এ প্রক্রিয়া সহজ করতে জেলা পর্যায়ে বদলির ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। একই সঙ্গে বদলির অনুমোদন কোন পর্যায়ের কর্তৃপক্ষ দেবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা এবং প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ধারার প্রতিষ্ঠানের বিস্তার নিয়েও সংসদে কথা বলেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর উদ্দেশে এসব দাবি ও বক্তব্য তুলে ধরেন সংসদ সদস্য জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন জানান, প্রধান শিক্ষকদের বদলির ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া নিয়ে জটিলতা রয়েছে। এ ক্ষেত্রে উপজেলা, জেলা নাকি মন্ত্রণালয় পর্যায়ে বদলির সিদ্ধান্ত নেওয়া হবে, তা স্পষ্ট করা প্রয়োজন। জেলা পর্যায়ে বদলির ক্ষমতা দেওয়া হলে এক দিনেই কাজ সম্পন্ন করা সম্ভব। অন্যদিকে, মন্ত্রণালয়ে পাঠালে তিন মাস পর্যন্ত সময় লেগে যায়।

তিনি বলেন, ‘হেডমাস্টারকে বদলি করবে কে, আপনি করেন না প্রতিমন্ত্রী করে, আমরা জানতে চাই। এবং সে বিষয়ে কমিটি স্পষ্ট করে দেন।’

তিনি আরও জানান, যেসব শিক্ষকের বদলির ক্ষেত্রে জেলা পর্যায়ে অনুমোদন দেওয়া সম্ভব, সেগুলো জেলা পর্যায়েই নিষ্পত্তি করা উচিত। এতে প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রতা কমবে।

জয়নুল আবেদীনের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের বদলি নীতিমালা ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, এখন এক বিভাগ থেকে অন্য বিভাগে এবং এক বিভাগ থেকে ঢাকা বিভাগে বদলির বিষয়গুলো মন্ত্রণালয় থেকে সম্পন্ন করা হবে। অন্যান্য বদলি প্রাথমিক শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে করা হবে।

এদিকে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে বিএ পাসের বাধ্যবাধকতা নিয়েও কথা বলেন জয়নুল আবেদীন। এ শর্তের কারণে কয়েকটি বিদ্যালয়ের কমিটি গঠনের অনুমোদন পেতে চার মাস ধরে অপেক্ষা করতে হচ্ছে বলেও জানান তিনি।

জয়নুল আবেদীন বলেন, কমিটির সভাপতি বিএ পাস না হলে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠাতে হয়। এতে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। এ প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান তিনি।

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগের অন্তর্বর্তী সরকারের সময়ে স্কুল-কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতির জন্য স্নাতক ডিগ্রির শর্ত যুক্ত করা হয়েছিল। বিষয়টি শিথিল করা যায় কি না, তা নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। তবে এ নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হওয়ায় বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কেউ প্রকৃত অর্থে শিক্ষানুরাগী হলে বিএ পাসের শর্ত শিথিলের জন্য মন্ত্রণালয়ে আবেদন করতে পারবেন। এ সুযোগ রাখা হয়েছে।

প্রাথমিক স্তরে সরকারি বিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় শিক্ষার্থীরা বিভক্ত হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়নুল আবেদীন।

জয়নুল আবেদীন বলেন, সকালে শিশুদের মক্তবে পাঠানো হয়। সেখান থেকে ফিরে আবার প্রাথমিক বিদ্যালয়ে যায়। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশপাশে দুই কক্ষের ভাড়াবাড়িতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠছে। এসব প্রতিষ্ঠানের কারণে সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীসংখ্যা কমছে বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সংসদ সদস্য বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তিনি দেখেছেন, ১৮ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১০ জন।

প্রাথমিক শিক্ষাকে সুরক্ষিত রাখতে এ খাতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রাথমিক বিদ্যালয় নয়, মাদ্রাসা থেকে শুরু করে কিন্ডারগার্টেনের মতো প্রতিষ্ঠানও যত্রতত্র গড়ে উঠছে। ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী দুই হাজার জনসংখ্যার এলাকায় দুই কিলোমিটারের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান রাখার পরিকল্পনার কথা জানান তিনি।