প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটিসহ চার কমিটি পুনর্গঠনের নির্দেশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটিসহ চার কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সব বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা বা থানা শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষিতে অধিদপ্তরের সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গত ১৮ আগস্টের ওই চিঠিতে বলা হয়, রকারের বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, এসব কমিটির অধিকাংশ কয়েক বছর আগে গঠিত হওয়ায় বর্তমানে সেগুলো হালনাগাদ নেই। এছাড়া কিছু কমিটির প্রজ্ঞাপন ও কার্যক্রম সংক্রান্ত তথ্যও পাওয়া যাচ্ছে না। ফলে বিদ্যমান সব কমিটি পুনর্গঠন করে হালনাগাদ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার বিদ্যমান কমিটিগুলো পুনর্গঠনের সময় সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আরও কার্যকর হবে। পুনর্গঠিত প্রতিটি কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এ তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে মনোনয়ন দেবেন।
চিঠিতে আরও বলা হয়, অগ্রাধিকার ভিত্তিতে সংযুক্ত তালিকায় থাকা ৯৮টি কমিটিসহ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার আওতাধীন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য বিদ্যমান সব কমিটি হালনাগাদ করতে হবে।
চিঠি অনুযায়ী ওই ৯৮টি কমিটির মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটি, জেলা প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আঞ্চলিক জেলা মনিটরিং কমিটি পুনর্গঠন ও হালনাগাদের নির্দেশনা দিয়েছে।