প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও ওয়াশরুমসহ ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য হালনাগাদ ও যাচাই কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন সফটওয়্যার আইপিইএমআইএসে (IPEMIS) বিদ্যালয়ের ১৫ ধরনের ছবি আপলোডের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের সামগ্রিক দৃশ্য, শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, শিক্ষকদের দলীয় ছবি, ওয়াশরুম এবং ভবনের সামনে ও পেছনের ছবি। আগামী ২৭ অক্টোবরের মধ্যে এসব ছবি আপলোড ও অনুমোদনের জন্য অনুরোধ করা হয়েছে। তা না হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেবে অধিদপ্তর।
সোমবার (২৬ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়েছে, আইপিইএমআইএসে বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল এবং শিক্ষার্থীদের তথ্য হালনাগাদের জন্য এর আগে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ নির্দেশনায় এ কার্যক্রম চলছে।
চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য যাচাইয়ের সময় দেখা গেছে, সফটওয়্যারে বিদ্যালয়ের তথ্য, শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত প্রোফাইল ও শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করা হলেও অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয়ের কালার ফটোসহ কিছু তথ্য নির্দেশনা অনুযায়ী হালনাগাদ করা হয়নি। এ কারণে বিদ্যালয়ের প্রয়োজনীয় ছবি আপলোড ও অনুমোদনের জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
ছবি আপলোড করতে হবে ১৫ ধরনের
অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, আইপিইএমআইএসে বিদ্যালয়ের কালার ছবি, ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ, গেটসহ বাউন্ডারি ওয়ালের ছবি এবং মাঠসহ বিদ্যালয়ের সম্পূর্ণ দৃশ্য আপলোড করতে হবে। পাশাপাশি প্রথম থেকে পঞ্চম শ্রেণি এবং প্রাক্-প্রাথমিক শ্রেণিকক্ষের ছবিও দিতে হবে।
শ্রেণিকক্ষের ছবি তোলার ক্ষেত্রে কক্ষের ভেতরে থাকা প্রয়োজনীয় আসবাব ও শিক্ষা উপকরণ দৃশ্যমান রাখতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের চেয়ার-টেবিল, ল্যাপটপ, প্রজেক্টর, আইসিটি উপকরণসহ কক্ষে থাকা অন্যান্য সামগ্রী। পর্যাপ্ত আলোতে পরিষ্কার ও সুন্দরভাবে ছবি তুলে আপলোড করতে হবে। এ ছাড়া শিক্ষক কক্ষের ছবি, শিক্ষকদের দলীয় ছবি, ওয়াশরুমের ছবি এবং বিদ্যালয় ভবনের সামনে ও পেছনের সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে। ওয়াশরুমের ক্ষেত্রে সাম্প্রতিক ও স্পষ্ট ছবি দিতে বলা হয়েছে। তবে ওয়াশরুম না থাকলে ছবি দিতে হবে না।
ছবি তোলার ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশনা
নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়ের রঙিণ ছবিতে ভবনের সম্পূর্ণ অংশ যেন বোঝা যায়, সেভাবে ছবি তুলতে হবে। ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপের ক্ষেত্রে স্পষ্ট ছবি আপলোড করতে হবে। গেটসহ বাউন্ডারি ওয়ালের ছবি তোলার জন্য দ্বিতীয় তলা বা উঁচু স্থান থেকে ছবি তোলার কথা বলা হয়েছে, যাতে গেট ও সীমানাপ্রাচীর স্পষ্টভাবে দৃশ্যমান হয়। মাঠসহ বিদ্যালয়ের সম্পূর্ণ দৃশ্যের ছবি দিনের আলোতে বিদ্যালয়ের সামনের দিক থেকে তুলতে হবে। এতে বিদ্যালয় ভবন ও মাঠের পূর্ণাঙ্গ চিত্র ফুটে উঠতে হবে।
শ্রেণিকক্ষের ছবি তোলার সময় পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে, যাতে কক্ষের ভেতরের অবকাঠামো, আসবাব ও শিক্ষা উপকরণ স্পষ্টভাবে দেখা যায়। শিক্ষক কক্ষের ছবিতে কক্ষে বসে থাকা শিক্ষকদের দৃশ্যমান রাখতে হবে। তবে সব শিক্ষককে ছবিতে উপস্থিত রাখা বাধ্যতামূলক নয়। শিক্ষকদের দলীয় ছবিতে প্রধান শিক্ষকসহ সব শিক্ষককে বিদ্যালয়ের মূল ভবনের সামনে দাঁড় করিয়ে এমনভাবে ছবি তুলতে হবে, যাতে তাঁদের স্পষ্টভাবে চেনা যায়।
ওয়াশরুম এবং ভবনের সামনে ও পেছনের ছবি আপলোডের ক্ষেত্রেও সাম্প্রতিক ও স্পষ্ট ছবি দেওয়ার নির্দেশনা রয়েছে।
ভুল তথ্য দিলে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা
চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ২৭ অক্টোবরের মধ্যে বিদ্যালয়ের কালার ফটোসহ প্রয়োজনীয় ছবি আপলোড ও অনুমোদনের জন্য অনুরোধ করা হলো। তথ্য হালনাগাদ না হলে অথবা ভুল তথ্য পাওয়া গেলে নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।