১৭ অক্টোবর ২০২৬, ১৬:২৭
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোনো ফি দিতে হবে না
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না। শনিবার (১৭ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফি আদায়সংক্রান্ত বিষয়ে মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সময়সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
রুটিন অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি, ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত এবং ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।