০৬ অক্টোবর ২০২৬, ১৫:০৫

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়, কার্যকর ২০২৭ সাল থেকে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন  © টিডিসি সম্পাদিত

২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি এই চারটি বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চতুর্থ ও ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি ২০২৮ সাল থেকে প্রয়োজন অনুযায়ী শিক্ষা কার্যক্রমে পরিবর্তন ও পরিমার্জন করা হবে। প্রয়োজন বিবেচনায় আরও নতুন বই যুক্ত করা হবে বলেও জানান তিনি। আমরা আগামী দিনে এমন এক প্রজন্ম তৈরি করতে চাই, যে প্রজন্ম আগামীর বাংলাদেশ তৈরি করবে, যে প্রজন্ম বাংলাদেশকে সত্যিকার অর্থে নেতৃত্ব দেবে।’

এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন বলেও দাবি করেন শিক্ষামন্ত্রী। শিক্ষার পাশাপাশি প্রধানমন্ত্রী খেলাধুলাকেও গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি।

কলেজে শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজে ভর্তির জন্য যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশনা অনুযায়ী যারা আবেদন করেছে, তারা ভর্তি হয়েছে। ভর্তি শেষ হওয়ার পরও অনেক আসন খালি রয়েছে। এ বছর কলেজগুলোর আসনসংখ্যার তুলনায় ফলাফল অনেক কম হওয়ায় কিছুটা বিড়ম্বনা তৈরি হয়েছে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দেশে গ্যাস ও তেলের দাম অনেকাংশে বেড়েছে। তবে আশপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে ডিজেলের দাম এখনো অনেকটাই কম। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সর্বোচ্চ ভর্তুকি দিয়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছে। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমান সংকট বৈশ্বিক। জনগণের ওপর যতটা কম চাপ দিয়ে যৌক্তিকভাবে এ সমস্যার সমাধান করা যায়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে।’

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ও সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহাদাত হোসাইন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. সাখাওয়াত হোসেন খান এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর সাংগঠনিক কমিটির সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের সব শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৪০০ প্রতিযোগী অংশ নিচ্ছেন।