শিক্ষার্থীদের বিনামূল্যে পাটজাত ব্যাগ দিতে ১ দিনের সময় দিয়ে শিক্ষার্থী সংখ্যা চাইল প্রাথমিক অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের ব্যাগ দেবে সরকার। এজন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী আগামীকাল বুধবার দুপুর ২টার মধ্যে অর্থাৎ একদিনের মধ্যে শিক্ষার্থীদের তালিকা নির্ধারিত ইমেইলে পাঠাতে হবে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছ, ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন 'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সিনথেটিক স্কুল ব্যাগের পরিবর্তে দেশব্যাপী নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাইলটভিত্তিক পরিবেশবান্ধব পাটজাত স্কুল ব্যাগ প্রদান' শীর্ষক প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাটজাত স্কুল ব্যাগ প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী উক্ত পাইলট প্রোগ্রামের উদ্বোধন করবেন।’
এতে আরও বলা হয়, ‘প্রতিটি সংসদীয় আসনের প্রতিটি জেলার প্রত্যেক উপজেলা/থানার এক বা একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রত্যেক উপজেলা/থানার সর্বমোট ২৬০ জন করে শিক্ষার্থীর সংখ্যাভিত্তিক তথ্য সংযুক্ত এক্সেল শিটে NikoshBAN ফন্টে আগামী ২ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে adgeneraldpe@gmail.com মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্কুল ব্যাগের জন্য পাঠানো দ্বিতীয় পর্যায়ের তালিকা হতে বিদ্যালয় সমন্বয় করা যেতে পারে।’