২৫ আগস্ট ২০২৬, ১৩:৫৭

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধিদপ্তর

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করছেন একজন সহকারী শিক্ষক  © সংগৃহীত ও সম্পাদিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এ নিয়ে আপাতত পরিকল্পনা করছে না প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বর্তমানে ১৪ হাজার সহকারী শিক্ষক যোগদান ও পদায়নের পর তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রধান শিক্ষক পদে চলমান পদোন্নতি প্রক্রিয়া শেষ হলে বিদ্যালয়গুলোতে প্রকৃত শূন্য পদের চিত্র পাওয়া যাবে। এরপরই নতুন করে সহকারী শিক্ষক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা আপাতত নতুন করে নিয়োগ নিয়ে প্ল্যান করতে পারছি না। কারণ অতি সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। ৪ অক্টোবর তাদের পদায়ন করার কথা রয়েছে। তাদের প্রশিক্ষণ দিয়ে ক্লাসেও পাঠাতে হবে। ফলে প্রশিক্ষণ নিয়েও ভাবতে হচ্ছে।

 তিনি বলেন, এই ১৪ হাজার শিক্ষক সারা দেশের বিভিন্ন জেলায় যোগ দিলে সহকারী শিক্ষকের সংকট অনেকটাই কমবে। কিন্তু প্রধান শিক্ষকের সংকটটি মূলত বড় সমস্যা হিসেবে রয়েই যাবে।

এদিকে গত বুধবার চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের এক কর্মশালায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নতুন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে প্রধান শিক্ষক পদে চলমান পদোন্নতি প্রক্রিয়ার সম্পর্ক রয়েছে জানিয়ে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক নিয়োগ এক সূত্রে গাঁথা। দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকদের একটি বিষয় নিয়ে মামলা ছিল। সেই মামলার জটিলতা এখন নিষ্পত্তি হয়েছে। মাঠপর্যায়ে পদোন্নতির জন্য একটি গ্রেডেশন তালিকা তৈরি করা হচ্ছে। ফলে প্রধান শিক্ষক নিয়োগের পর শূন্য হবে সহকারী শিক্ষকের পদ। প্রধান শিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকদের কিছু পদ শূন্য হয়ে যাবে। এদিকে নতুন সহকারী শিক্ষক নিয়োগের মাধ্যমে কিছু পদ পূরণ হয়ে যাবে। এরপর আমরা প্রকৃত  চিত্র পাবো। তখন নতুন করে সহকারী শিক্ষকদের নিয়োগ নিয়ে ভাববো।