প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে কাল সংবাদ সম্মেলন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (১২ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
আজ শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছিল, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত হয়নি। পাশাপাশি কিছু কারিগরি জটিলতাও দেখা দেয়। এ কারণে ফল প্রকাশ পিছিয়ে দেওয়া হয়। তখন জানানো হয়েছিল, বড় কোনো সমস্যা না হলে ১২ জুলাই ফল প্রকাশ করা হবে।
তবে ওই দিন দুপুরের পর আনুষ্ঠানিক প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বৃত্তি পরীক্ষার ফল ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক ও অভিভাবক তাদের শিক্ষার্থী ও সন্তানের ফলাফল শেয়ার করেন।
এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কোটায় ৬৬ হাজার এবং বেসরকারি বা কিন্ডারগার্টেন কোটায় ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছে।
বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী সাধারণ গ্রেডে নির্বাচিত হবে।
ট্যালেন্টপুলের শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা অনুদান পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণি পর্যন্ত টানা দুই বছর সরকারের এই আর্থিক সহায়তা ও উপবৃত্তি সুবিধা ভোগ করবে।