১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ে ৫টি গাছ লাগাতে হবে, অতি জরুরি নির্দেশনা অধিদপ্তরের
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের সঙ্গে মিল রেখে ১৫ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে গাছ লাগানোর জন্য জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গাছের চারা রোপণ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
এতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় একই দিনে (১৫ জুলাই) নির্ধারিত সময়ে ফলজ, বনজ ও ঔষধি—এই তিন ক্যাটাগরির মোট ৫টি করে গাছের চারা রোপণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অত্যন্ত জরুরি’ উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।