০৬ জুলাই ২০২৬, ২০:০৮

বিদ্যালয়ে তিন বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করে নোটিশ দিল মন্ত্রণালয়

‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’  © সংগৃহীত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের নির্দেশনা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ জুলাই) উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ‌‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক তিনটি বইয়ের এক সেট করে সংরক্ষণের জন্য গত ৩ জুন ২০২৬ তারিখে জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০৭.০৭.০০০১.২৫-১৫০-এর মাধ্যমে জারি করা আগের নির্দেশনাটি এ আদেশের মাধ্যমে বাতিল হিসেবে গণ্য হবে। তবে নতুন আদেশে নির্দেশনা বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ইতোমধ্যে আগের নির্দেশনাটি বাতিল করে আদেশ জারি করা হয়েছে।’

এর আগে গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) জিয়াউর রহমান, খালেদা জিয়ার ওপর লেখা এবং তারেক রহমানের লেখাসহ মোট তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এই তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে।