প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ ৯ জুলাই!
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার প্রায় আড়াই মাস পার হলেও শিক্ষার্থীরা এখনো ফলের অপেক্ষায় রয়েছেন।
আজ বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৯ জুলাই নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। কোনো অনাকাঙ্ক্ষিত জটিলতা না থাকলে ওই দিনই ফল প্রকাশ করা হবে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (২৮ জুন) অধিদপ্তরের উপপরিচালক (সংস্থাপন) এ. এস. এম. সিরাজুদ্দোহা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “এ সপ্তাহে ফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করছিলাম, তবে আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।”
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের বৃত্তি পরীক্ষায় মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয়ের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। মেধাবৃত্তির মধ্যে সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২৫০টি বৃত্তি বরাদ্দ রয়েছে।
নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে দুটি ক্যাটাগরিতে— ট্যালেন্টপুল এবং সাধারণ বৃত্তি। উভয় ক্যাটাগরিতেই ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী কোটা সংরক্ষিত থাকবে। ট্যালেন্টপুল বৃত্তি উপজেলা বা থানাভিত্তিক মেধাক্রম অনুযায়ী এবং সাধারণ বৃত্তি ইউনিয়ন বা ওয়ার্ডভিত্তিক মেধার ভিত্তিতে নির্ধারণ করা হবে।
মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা এবং মাসিক ২২৫ টাকা করে ভাতা পাবে। আগামী বছর থেকে বৃত্তির পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানানো হয়েছে।