২৮ জুন ২০২৬, ১৮:৪৬

স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অধিদপ্তর

তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে ২৪টি ডিম ও ২২ পিস রুটি উদ্ধার ইনসেটে প্রধান শিক্ষিকা  © সংগৃহীত

স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রানীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেশমা আক্তারকে জরুরি কৈফিয়ত তলব করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

আজ রোববার (২৮ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে রেশমা আক্তারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন বিদ্যালয় ছুটির পর স্কুল ফিডিং কর্মসূচির জন্য বরাদ্দ ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট নিজের বাসায় নিয়ে যান ওই প্রধান শিক্ষিকা। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্যসামগ্রী নিয়ে কোনো ধরনের অনিয়ম বা আত্মসাতের চেষ্টা বরদাশত করা হবে না। সরকারি সেবায় স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে অভিযুক্ত শিক্ষিকাকে 'সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮' অনুযায়ী তিন কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিশুদের অধিকার ও সরকারি সম্পদের সুরক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। পাশাপাশি অনিয়ম প্রতিরোধে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা এবং জনগণের সচেতনতাকেও স্বাগত জানিয়েছে মন্ত্রণালয়।