০৮ এপ্রিল ২০২৬, ১৬:১৮

প্রাথমিক শিক্ষার্থীদের ভর্তির সময় রক্তের গ্রুপ ও রোগের তথ্য নেওয়ার পরামর্শ সচিবের

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা।  © ফাইল ফটো

প্রাথমিক শিক্ষার্থীদের ভর্তির সময় রক্তের গ্রুপ ও রোগের তথ্য নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা। বুধবার (৮ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও যানজট নিরসন এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা ও বিদ্যুৎ সাশ্রয় করার লক্ষ্যে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণে এক মতবিনিয় সভায় তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে ভর্তির সময় আমাদের শিক্ষার্থীদের রক্তের রোগের তথ্যটা যেন নেওয়া হয়। তার টিকা সংক্রান্ত তথ্য এবং থ্যালাসেমিয়া রোগ সংক্রান্ত কোন তথ্য যদি পাওয়া যায় সেগুলো যেন আমাদের ডাটাবেজে এন্ট্রি করা হয়।

তিনি আরও বলেন, এই তথ্যগুলো থাকলে বর্তমান সরকার নির্বাচনে যে ইসতেহার দিয়েছে সেগুলো বাস্তবায়ন করা সহজ হবে। এ ক্ষেত্রে আমাদের সকল শিক্ষার্থীর ডাটা জন্ম নিবন্ধনের মাধ্যমে এন্ট্রি হবে। ১৮ বছর হলে সেগুলো এনআইডিতে রূপান্তরিত হবে। 

আবু তাহের মো. মাসুদ রানা বলেন, আমরা এর আগে শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এটি করেছিলাম। আমরা চাচ্ছি এটি সরকারি সকল পর্যায়ে ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হবে। যেটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এক্ষেত্রে আমি আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসময় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবরাও উপস্থিত ছিলেন।