প্রথম রাষ্ট্রপতি, চার প্রধানমন্ত্রী, দুই গভর্নর— ২৩ বছরই স্পিকার ছিলেন চার বাঙালি নেতা
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির ১০ বছর পর রাষ্ট্রপতি প্রথা চালু হয় পাকিস্তানে। ওই সময় দেশটির প্রথম রাষ্ট্রপতি হন একজন বাঙালি। তিনি হলেন ইস্কান্দার আলি মির্জা, যিনি জন্মসূত্রে বাঙালি ছিলেন। তাঁর জন্ম বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। তিনি বাংলার নবাব পরিবারের বংশধর ছিলেন। তবে তাঁর বেড়ে ওঠা ও শিক্ষাজীবনের বড় অংশ কেটেছে বোম্বেতে (বর্তমান মুম্বাই)। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হলে তিনি দেশটির প্রথম রাষ্ট্রপতি হন।
তিনি ৭ অক্টোবর ১৯৫৮ সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করেন এবং জেনারেল আইয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ দেন। ২০ দিন পর, ২৭ অক্টোবর আইয়ুব খান তাঁকে ক্ষমতাচ্যুত করেন। পরে তাঁকে দেশত্যাগে বাধ্য করা হয়। অর্থাৎ, তাঁর রাষ্ট্রপতিত্বের মেয়াদ ছিল প্রায় দুই বছর সাত মাস। এর আগে ইস্কান্দার মির্জা দেশটির গভর্নর জেনারেলেরও দায়িত্ব পালন করেন।
শুধু ইস্কান্দার মির্জাই নয়, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাপূর্বকালে পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন বেশ কয়েকজন বাঙালি। এর মধ্যে প্রথম রাষ্ট্রপতি, মোট ৪ জন গর্ভনর জেনারেলের মধ্যে ২ জন, মোট ৮ জন প্রধানমন্ত্রীর মধ্যে ৪ জন এবং ৫ জন স্পিকারের মধ্যে ৪ জনই ছিলেন বাঙালি।
ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৭ অক্টোবর ১৯৫১ থেকে ১৭ এপ্রিল ১৯৫৩ মুসলিম লীগ নেতা হিসেবে তিনি এই দায়িত্ব নেন। এর আগে ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর দ্বিতীয় গভর্নর জেনারেলও হয়েছিলেন তিনি। খাজা নাজিমুদ্দিনই একমাত্র ব্যক্তি— যিনি পাকিস্তানের গভর্নর-জেনারেল এবং প্রধানমন্ত্রী উভয় পদেই দায়িত্ব পালন করেছেন।
দেশটির ৩য় প্রধানমন্ত্রী হন মোহাম্মদ আলী মিয়া। তিনি উপমহাদেশীয় রাজনীতিতে বগুড়া মোহাম্মদ আলী বা মোহাম্মদ আলী বগুড়া হিসেবে বিশেষ পরিচিত। ১৭ এপ্রিল ১৯৫৩ থেকে ১২ আগস্ট ১৯৫৫ পর্যন্ত মুসলিম লীগ নেতা হিসেবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। দায়িত্ব নেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত ছিলেন।
বাঙালি নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পাকিস্তানের ৫ম প্রধানমন্ত্রী। ১২ সেপ্টেম্বর ১৯৫৬ তারিখে দায়িত্ব নিয়ে ১৭ অক্টোবর ১৯৫৭ পর্যন্ত আওয়ামী লীগ নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মুসলিম লীগের বাইরে থেকে আসা পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন।
পূর্ববঙ্গের দ্বিতীয় প্রধানমন্ত্রী নুরুল আমিন ছিলেন দেশটির ৮ম কেন্দ্রীয় প্রধানমন্ত্রী। ৭ ডিসেম্বর ১৯৭১ থেকে ২০ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত পাকিস্তান মুসলিম লীগ নেতা হিসেবে মাত্র ১৩ দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন, যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ। পাকিস্তানের ইতিহাসের একমাত্র উপ-রাষ্ট্রপতিও ছিলেন তিনি। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর থেকে ১৯৭৩ সালের ১৪ আগস্ট পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
এদিকে, পাকিস্তানের ২৪ বছরে মাত্র ১ বছর অবাঙালি স্পিকার ছিলেন, বাকি ২৩ বছর স্পিকার ছিলেন বাঙালিদের মধ্য থেকে। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৫ জন স্পিকার পেয়েছে পাকিস্তান। এর মধ্যে প্রথম স্পিকার বা গণপরিষদ সভাপতি ছিলেন মুহাম্মদ আলী জিন্নাহ। তিনি ১ বছর দায়িত্ব পালন করেন। বাকিরা ২৩ বছর দায়িত্ব পালন করেন। মুহাম্মদ আলী জিন্নাহর আদি বাড়ি ভারতের গুজরাটে।
এছাড়া, মৌলভী তমিজউদ্দিন খান ২ মেয়াদে ৮ বছর দেশটির স্পিকার ছিলেন, যার বাড়ি বাংলাদেশের রাজবাড়ি জেলায়। আব্দুল ওহাব খান স্পিকার ছিলেন ১ মেয়াদে ৩ বছর। তার বাড়ি বাংলাদেশের বরিশালে। ফজলুল কাদের চৌধুরী ১ মেয়াদে স্পিকার ছিলেন ২ বছর। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। প্রেসিডেন্ট আইয়ুব খান বিদেশ সফরে গেলে সংক্ষিপ্ত সময়ের জন্য দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, এ সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুমোদন দেন।
দেশটির আরেক স্পিকার আব্দুল জব্বার খান ১ মেয়াদে ৬ বছর দায়িত্ব পালন করেছেন। তার বাড়িও বাংলাদেশের বরিশালে। তিনি কনভেনশন মুসলিম লীগের হয়ে স্পিকার হন। তার সন্তানদের মধ্যে বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং বিএনপির স্থায়ী কমিটির একমাত্র নারী সদস্য সেলিমা রহমান অন্যতম।
ফজলুল কাদের চৌধুরীও কনভেনশন মুসলিম লীগের হয়ে স্পিকার হন। তাঁর ৪ ছেলের মধ্যে দুই ছেলে সালাউদ্দিন কাদের ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নেতা। এর মধ্যে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আওয়ামী লীগ আমলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আব্দুল ওহাব খান কৃষক প্রজা পার্টির (শেরে বাংলার দল) হয়ে স্পিকার হন। তাঁর সন্তান ফখরুল আমিন খান রাজনীতিতে আসেননি। তিনি আমেরিকায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ফখরুল আমিন খানের সন্তান সালমান খান বিখ্যাত ‘খান একাডেমি’র প্রতিষ্ঠাতা।
মৌলভী তমিজউদ্দিন খান মুসলিম লীগের হয়ে স্পিকার হন। তার কোনো ছেলে ছিল না। তার মেয়ে উম্মে কুলসুম হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ মৌলভী তমিজউদ্দিন খানের নাতিন জামাই।