২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৪

ভারত ও বাংলাদেশের যে দুই সীমান্তের কথা ভাবছেন শেখ হাসিনা

শেখ হাসিনা  © টিডিসি সম্পাদিত

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থলপথে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের বিষয়টি বিবেচনা করছেন তিনি। এ জন্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সীমান্তের কয়েকটি প্রবেশপথ ঘুরে দেখেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল স্থলবন্দর বিবেচনায় রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। এটি দুই দেশের বাণিজ্য ও যাত্রী চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্যদিকে বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর।

প্রতিবেদনে সূত্রগুলো জানিয়েছে, বৈধ পাসপোর্ট না থাকায় শেখ হাসিনার পক্ষে বিমানে দেশে ফেরা সম্ভব হবে না। এ কারণে স্থলপথের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে। ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তার জাতীয় পরিচয়পত্রও বাতিল করা হয়।

গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সে থাকা শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেন।

এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের কাছে তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে নিতে উড়োজাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিলেন। তবে বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, তাকে ‘হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে’ দেশে ফিরিয়ে আনা যেতে পারে।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টিকে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছে বাংলাদেশ সরকার। অন্যদিকে কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে ভারত জানিয়েছে, প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। শেখ হাসিনা অবশ্য বলেছেন, তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে রাজি। তাকে প্রত্যর্পণের প্রয়োজন নেই। ১৬ ডিসেম্বর দেশে ফেরার যে তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৬ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনেরম ২ বছর পর তিনি দেশে ফেরার ইচ্ছার কথা জানান।

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পেয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দেশটির সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তির কারণ হয়ে রয়েছে। ঢাকা তার প্রত্যর্পণের বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম প্রধান ইস্যু করেছে। দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালালেও শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঢাকা ও দিল্লি—উভয় পক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শেষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কারণে সেই সফরের সম্ভাবনা এখন কমে এসেছে।