ডিসেম্বরেই ফিরছেন শেখ হাসিনা, ফের প্রচার নিষিদ্ধ আওয়ামী লীগের
আগামী ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরবেন বলে জানিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভারতে পলাতক সভাপতি শেখ হাসিনা। জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ফেরারি এই আসামী আরও জানিয়েছেন দেশে ফিরে জেলে থাকার সামগ্রীও কিনে রেখেছেন তিনি। শনিবার (২৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এক অডিও লাইভে দেশে ফেরা নিয়ে এমনটা জানিয়েছেন তিনি। যদি অডিও লাইভটি স্বাধীনভাবে যাচাই করেনি দ্য ডেইলি ক্যাম্পাস।
সেখানে তাকে বলত শোনা যায়, দেশে ফিরলে বিমানবন্দরে নামার পর তাকে গ্রেপ্তার করা হতে পারে, হাতকড়া পরানো হতে পারে কিংবা মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। তবে তিনি সম্পূর্ণ একা ও নিরস্ত্র অবস্থায় দেশে ফিরবেন বলে জানান। এ সময় তার সঙ্গে কোনো অস্ত্র বা সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট দেশব্যাপী ৩৬ দিনের নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর ছাত্র-জনতার হাতে আত্মসমর্পণ না করে তৎকালীন রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তবে সম্প্রতি দেওয়া নতুন বক্তব্য তার দেশে ফেরার পরিকল্পনাকে আবারও আলোচনায় এনেছে।
শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশের কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ায় প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে থাকা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামী শেখ হাসিনাকে ফেরতের আবেদন জানিয়ে নয়াদিল্লীকে চিঠি দিয়েছে ঢাকা।
এদিকে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) হিসাবে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। নিহতদের মধ্যে আনুমানিক ১২ থেকে ১৩ শতাংশ শিশু ছিল বলে জানিয়েছে সংস্থাটি।