২৮ নভেম্বর ২০২৬, ২০:৪৩

‘আম্মার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে’— তারেক রহমানের সাবেক প্রতিদ্বন্দ্বী ডা. খালিদুজ্জামান

রাকসুর সাবেক জিএস সালাউদ্দিন আম্মারের সঙ্গে ডা. খালিদুজ্জামান  © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. খালিদুজ্জামান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাবেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বীও।

গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আয়োজিত ‘An Exclusive Dialogue with Elected Student Representatives’ শীর্ষক অনুষ্ঠান শেষে সালাহউদ্দিন আম্মারের সঙ্গে কুশল বিনিময়ের সময় গণমাধ্যমের সামনে এ মন্তব্য করেন ডা. খালিদুজ্জামান।

এ সময় তিনি বলেন, ‘আমাদের যে ছাত্রসংসদের জিএস, ভবিষ্যতে বাংলাদেশের লিডার, সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন ইনশাআল্লাহ। আমার মতো সেও বাঘের এলাকার লোক। আশা করি, ভালো কিছুই করবে।’

বিরোধীদলীয় নেতার রাষ্ট্রীয় বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন।

নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও উন্মুক্ত আলোচনার উদ্দেশ্যে অনুষ্ঠানের আয়োজন করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।