‘মানবাধিকার-মায়ের কান্না-রাষ্ট্রের নিষ্ঠুরতা— শব্দগুলো সম্প্রতি অনেকের কিবোর্ডে ইনস্টল হয়েছে’
কারাবন্দি যুব মহিলা লীগ (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন) নেত্রী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান নিসর্গ হোসেন তূর্য (১৪) মারা গেছে। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে তূর্যের মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল।
২০২৪ সালের জুলাইয়ের শেষের দিকে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মাহমুদুর রহমান সৈকতদের পরিবারের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দ্বিচারিতা ও অভিনয়নের কথা তুলে কাঠোর সমালোচনা করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। তার মতে, ‘মানবাধিকার’, ‘মায়ের কান্না’, ‘রাষ্ট্রের নিষ্ঠুরতা’, শব্দগুলো দেখছি অনেকের কিবোর্ডে ইদানিং ইনস্টল হয়েছে। তার প্রশ্ন, এসব শব্দ আপডেট হতে গত ১৫ বছর লেগে গেল? শনিবার সন্ধ্যায় ফেসবুকের এক পোস্টে এসব প্রশ্ন করেন তিনি।
পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, শনিবার দুপুরে কাশিমপুর কারাগারের ফটকে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান তূর্যের লাশ দেখল তার মা শারমিন সুলতানা শর্মী। যিনি কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক নেত্রী, অক্টোবর’২৬ থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বন্দি।
‘‘ছেলের জানাজায় তিনি দাঁড়াতে পারেননি। ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে ছেলেকেই আনতে হয়েছে মায়ের কাছে। প্যারোলের আবেদন হয়েছিল কি হয়নি, সেই তর্কে আমি যাব না। পনেরো বছরের একটা ছেলের লাশ জেলগেটে নিয়ে গিয়ে মাকে দেখাতে হয়েছে, এই ছবি কোনো রাষ্ট্রের জন্য সম্মানের নয়। যারা এ নিয়ে লিখছেন, তারা সঠিক কাজটিই করছেন। তবে তাদের অনেকের টাইমলাইনে চোখ বুলিয়ে একটু থমকে গেলাম। দেশে যে এত মানবাধিকারকর্মী ছিলেন, জানতাম না!’’
তিনি আরও লেখেন, ‘মানবাধিকার’, ‘মায়ের কান্না’, ‘রাষ্ট্রের নিষ্ঠুরতা’, শব্দগুলো দেখছি অনেকের কিবোর্ডে ইদানিং ইনস্টল হয়েছে, তা পনেরো বছর লেগে গেল আপডেট হতে? ‘মায়ের ডাক’ এর মায়েরা যখন বছরের পর বছর গুম হওয়া সন্তানের ছবি বুকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ডাকছিলেন, তখন আপনাদের কানে সম্ভবত হেডফোন ছিল, আর চোখে সানগ্লাস। আচ্ছা গাজীপুরের আলী আজম যেদিন হাতকড়া আর ডান্ডাবেড়ি পরে মায়ের জানাজায় দাঁড়ালেন, সেদিন কয়টা স্ট্যাটাস দিয়েছিলেন? মনে করতে কষ্ট হলে থাক, বাদ দিন।
‘‘আসুন একটা ঘটনা মনে করিয়ে দিই— ২৮ জুলাই ২০২৪। সেদিন গণভবনে হাজির করা হয়েছিল কোটা আন্দোলনে নিহত ৩৪ জনের পরিবারকে। রংপুর থেকে আনা হয়েছিল আবু সাঈদের বাবা-মাকেও। সেই আবু সাঈদ, যে দুই হাত মেলে দাঁড়িয়ে ছিল আর পুলিশ সামনে থেকে গুলি করেছিল। যার ছেলের কবরের মাটি তখনো শুকায়নি, সেই মাকে নিয়ে বসানো হলো তারই সভাকক্ষে, যার পুলিশ তার ছেলেকে মেরেছে। ক্যামেরার ফ্ল্যাশ জ্বললো - হাসিনা তাদের জড়িয়ে ধরলেন, চোখ মুছলেন। তারপর সন্তানহারা মানুষগুলোকে বললেন, ‘আমাকে দেখেন, আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি।’ আবার পড়ুন বাক্যটা!’’
জুলকারনাইন সায়ের লেখেন, যার নির্দেশে গুলি চলেছে বলে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, তিনি লাশের মায়েদের সামনে বসে নিজের কষ্টের গল্প শোনাচ্ছেন। এরপর হাতে সহায়তার খাম তুলে দিয়ে ছবি তোলা, আর সেদিন রাতের খবরে তার মমতার খবর আর পরদিন সকালে সকল প্রধান দৈনিকের হেডলাইনে তার মানবিকতার স্তুতি! আবু সাঈদের ভাই রমজান আলী পরে বলেছেন, তাদের জোরজবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। মোহাম্মদপুরের সৈকতের বোন সাবরিনা শ্রাবন্তী নিজে আমাকে জানিয়েছিল কি ধরনের চাপ প্রয়োগ করা হয়েছিল তাদের পরিবারের উপর যাওয়ার জন্যে, তারা জাননি।
‘‘এবার একটা প্রশ্নটা করি? এক মা ছেলের লাশ দেখলেন জেলগেটে, পুলিশি পাহারার মধ্যে, আরেক মাকে নিয়ে যাওয়া হলো ছেলের খুনের দায় যার তারই প্রাসাদে, তারই কাঁধে মাথা রেখে কাঁদার জন্য, তারই ক্যামেরার সামনে। কোনটা বেশি নিষ্ঠুর? কোনটা বেশি অমানবিক? উত্তর দিতে হবে না— জানি সেটা কঠিন, কারণ আপনাদের অনেকে সেদিন ওই ছবিতেই মমতা খুঁজে পেয়েছিলেন।’’
‘‘আর যারা তূর্যের জন্য কাঁদতে কাঁদতে একই নিশ্বাসে লিখছেন ‘নেত্রী ফিরছেন’, তাদের কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা, যাকে ফেরত আনতে মালা জপছেন তিনি ওই ২৮ জুলাইয়ের হোস্টই তো? তাহলে মানবাধিকারটা ঠিক কার জন্য চাইছেন, সেটাও একটু সাথে পরিষ্কার করবেন?’’
তিনি লেখেন, তূর্যের মায়ের সঙ্গে যা হয়েছে, তা অন্যায়, সেদিনের অন্যায় দিয়ে আজকের অন্যায় জায়েজ হয় না, এটা আমি জানি। আপনারাও জেনে রাখুন, আজকের দুই ফোঁটা চোখের জলে পনেরো বছরের নীরবতা ধুয়ে যাবে না। অবশ্য আরেকটা কাজও করতে পারেন, রামপুরায় নিহত নাদিমের স্ত্রী তাবাসসুমকে অথবা কখনো রংপুর গেলে আবু সাঈদের মাকে জিজ্ঞেস করতে পারেন, সেদিন গণভবনের ওই সোফায় বসতে তাঁদের কেমন লেগেছিল। উত্তরটা শুনে তারপর তূর্যের মায়ের জন্যে আরো কিছু না হয় লিখলেন?