জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নসহ জামায়াতের মজলিসে শূরার অধিবেশনে ৬ প্রস্তাব গৃহীত
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, স্বাস্থ্যসেবা খাতের সংস্কার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণ বন্ধ এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে ছয়টি প্রস্তাব গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা।
শনিবার (২৮ নভেম্বর) কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে এসব প্রস্তাব গ্রহণ করা হয়। পরে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের দেওয়া এক বিবৃতিতে প্রস্তাবগুলোর বিষয়বস্তু জানানো হয়।
প্রথম প্রস্তাব— সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে প্রণীত ও স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং সংবিধান সংস্কারের পক্ষে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষের ‘হ্যাঁ’ ভোট বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মৌলিক রূপরেখা। কিন্তু গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে বিরোধী দলের মতামত পাশ কাটিয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এতে জনগণের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
এ অবস্থায় গণভোটের রায় বাস্তবায়নে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে জামায়াত। পাশাপাশি চব্বিশের গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও অংশীজনের মধ্যে জাতীয় ঐকমত্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
দ্বিতীয় প্রস্তাব— ভেঙে পড়া স্বাস্থ্যসেবা খাত সংস্কার ও নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছরে হাম ও ডেঙ্গুতে শিশু থেকে বয়স্ক অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। গত মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সরকারি হিসাবে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ৫২৬ জনের। এতে অসংখ্য পরিবার সন্তানহারা হয়েছে।
বিশ্বে ডেঙ্গুর টিকা আবিষ্কৃত হলেও তা আমদানি কিংবা রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন ও প্রয়োগের কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলেও বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করা হয়। হামের বিস্তার রোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ, প্রান্তিক পর্যায় পর্যন্ত টিকাদান নিশ্চিত, নিয়মিত গবেষণা এবং আক্রান্তদের অগ্রাধিকার ভিত্তিতে হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তাব করেছে দলটি।
তৃতীয় প্রস্তাব— দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। জামায়াতের অভিযোগ, সরকারের অপরিকল্পিত ও অপরিণামদর্শী সিদ্ধান্তে জ্বালানি, ভোজ্যতেল, গ্যাসসহ নিত্যপণ্যের দাম ক্রমাগত বাড়ছে। এতে প্রান্তিক ও নিম্নমধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে এবং নাগরিকদের ভোগান্তি বেড়েছে।
এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত তদারকির মাধ্যমে বাজার সিন্ডিকেট ও মাফিয়া চক্র ভাঙার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সহায়তা বাড়ানো, উৎপাদন খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আসন্ন রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের পণ্যমূল্য বাড়ানো ঠেকানোর আহ্বান জানানো হয়েছে। পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি স্বাভাবিক রাখতে শ্রমিক অসন্তোষ রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের কথাও বলা হয়েছে।
চতুর্থ প্রস্তাব— জুলাই গণহত্যা ও শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চাঁদাবাজি-দখলবাজি ও হত্যাকাণ্ড বন্ধ এবং পতিত ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস নির্মূলের দাবি জানানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে দেশব্যাপী হত্যাকাণ্ড, ধর্ষণ, চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। পাশাপাশি পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতায় দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা ব্যাহত হচ্ছে। সীমান্তে পুশইনের চেষ্টা এবং বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে অপরাধীদের দলীয় পরিচয় বা প্রভাব বিবেচনা না করে দ্রুত গ্রেফতার, বিচার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি। পতিত ফ্যাসিবাদী শক্তির অগ্নিসন্ত্রাস ও নাশকতা রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং ফ্যাসিবাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সহযোগীদের বিরুদ্ধে চলমান বিচার দ্রুত, স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মতভাবে সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে পেশাদারিত্ব, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত, বিচারব্যবস্থাকে নিরপেক্ষ ও কার্যকর করা এবং নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা ও অবৈধ পুশইন ঠেকাতে দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান এবং গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তিতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করার প্রস্তাবও দেওয়া হয়েছে।
একই প্রস্তাবে আধিপত্যবাদবিরোধী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
পঞ্চম প্রস্তাব— রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোয় দলীয়করণমুক্ত সুশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে। এতে প্রশাসন, বিচার বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ও রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী পরিচালনার আহ্বান জানানো হয়।
পাশাপাশি রাষ্ট্রের সব পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও কর্মদক্ষতাকে মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে শক্তিশালী, স্বাধীন ও জবাবদিহিমূলক পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ কার্যক্রম পরিচালনার প্রস্তাব করা হয়েছে।
ষষ্ঠ প্রস্তাব— বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে চলমান সংঘাত ও অস্থিরতায় বিভিন্ন দেশে মুসলিমরা হামলা, হত্যা, নির্যাতন ও বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা অব্যাহত রয়েছে। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকারের নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ২০ লাখ রোহিঙ্গার নিরাপদ প্রত্যাবাসন এখনো অনিশ্চিত।
এ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক ও ভ্রাতৃত্ব জোরদার, নির্যাতিতদের পক্ষে মুসলিম নেতাদের সোচ্চার ভূমিকা এবং ওআইসি ও আরব লীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইরান ও ইয়েমেনে যুদ্ধ, ফিলিস্তিনে গণহত্যা এবং বিশ্বব্যাপী আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর ভূমিকা এবং ফিলিস্তিনিদের নিজভূমির অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।
কেন্দ্রীয় মজলিসে শূরা বিশ্বাস করে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও আইনের শাসন সুদৃঢ় হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়বে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষ, রাজনৈতিক নেতৃত্ব ও সচেতন নাগরিকদের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।