‘মা-বাবা ছাড়া ওর দেখার কেউ নেই’ বলা যুব মহিলা লীগ নেত্রীর সেই ছেলে মারা গেছে, লাশ যাচ্ছে কারাগারে
‘মা-বাবা ছাড়া ওর দেখার কেউ নেই’—সন্তানের অসুস্থতার কথা জানিয়ে এমন আকুতি জানিয়েছিলেন কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মী। সেই প্রতিবন্ধী ছেলেটি মারা গেছে। মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর জন্য তার লাশ নিয়ে একটি ফ্রিজারবাহী গাড়ি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়েছে। মানবিক বিবেচনায় কারাফটকে মাকে সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করছে কারা কর্তৃপক্ষ।
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু বলেন, ‘আমি এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। প্যারোলে মুক্তির জন্য কাশিমপুর কারাগারে রয়েছি। এখান থেকে আমাকে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর আবেদন করতে বলা হয়েছে।’
তিনি জানান, নিরাপত্তাঝুঁকির কারণে শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে কারাফটকে তাঁকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। এ জন্য সন্তানের লাশ নিয়ে একটি ফ্রিজারবাহী গাড়ি কাশিমপুর কারাগারের উদ্দেশে রওনা হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, ‘তাদের (শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেন) সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’
এর আগে, ফেসবুকে শারমিন সুলতানার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সন্তানের অসুস্থতার কথা জানিয়ে মুক্তির আকুতি জানান। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’
মারা যাওয়া সন্তানেরও আগে দেওয়া একটি ভিডিও বক্তব্য ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।’
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেপ্তার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।