আওয়ামী লীগ নেতাদের আশ্রয় ও সহায়তা: বিএনপির ১১ জনকে বহিষ্কার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন যোগাযোগ, আশ্রয়-প্রশ্রয় এবং আইনি সহায়তা দেওয়ার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বিএনপি। দলীয় শীর্ষ নেতৃত্বের সতর্কবার্তা অমান্য করায় সম্প্রতি বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্তত ১১ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পদ স্থগিত ও কারণ দর্শানোর নোটিশসহ (শোকজ) ব্যবস্থা নেওয়া হয়েছে প্রায় অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, পাবনার বেড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দীন খাজা এবং সিলেটের কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য আফসর হোসেন।
অঙ্গসংগঠনের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে বাড়িতে আশ্রয় দেওয়ায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের কর্মী আজহারুল ইসলাম সোহাগকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগকে সহায়তার দায়ে কক্সবাজার জেলা যুবদলের সজীব আলী, রাজশাহীর ভবানীগঞ্জ পৌর যুবদলের নজরুল ইসলাম ও রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের এন এ বাবুল ও মো. সারোয়ার, ঢাকার রমনা থানা যুবদলের মোস্তফা হাওলাদার মুক্তা এবং কুমিল্লা দক্ষিণ জেলার বাবুল মিয়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে যুবলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে তদবির করায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।
দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পট পরিবর্তনের পর এবং সম্প্রতি আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দলটির পলাতক নেতাকর্মীরা এলাকায় ফেরার চেষ্টা করছেন। অভিযোগ উঠেছে, বিএনপির স্থানীয় কিছু নেতা অর্থের বিনিময়ে বা আত্মীয়তার সূত্রে তাদের আশ্রয় দিচ্ছেন, কমিটিতে পদায়ন করছেন এবং নাশকতা ও হত্যা মামলার আসামিদের থানা বা আদালত থেকে ছাড়িয়ে নিতে তদবির করছেন। ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী হিসেবে প্রত্যয়ন দেওয়ায় মানিকগঞ্জের সাটুরিয়ার দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, পাবনা ও লক্ষ্মীপুরের আরও কয়েকজন নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় দপ্তরে জমা পড়া লিখিত অভিযোগ যাচাই-বাছাই চলছে।
এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, অভিযোগগুলো যাচাই করে ইতোমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রমাণ মিললে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
দপ্তরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, আওয়ামী লীগের সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কেবল শুরু হয়েছে। সন্ত্রাসী বা নাশকতার মামলার আসামিদের সহযোগিতার প্রমাণ পেলে ভবিষ্যতেও তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।