ঐক্যের নামে চাঁদাবাজি নয়, প্রধানমন্ত্রীর আহ্বানে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে এই ঐক্যের নামে চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে আট দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এনসিপি গাজীপুর মহানগর, জেলা ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব। তবে সেই ঐক্য হতে হবে নীতি ও আদর্শের ভিত্তিতে। চাঁদাবাজি ও অনিয়মের সঙ্গে জড়িতদের সঙ্গে এনসিপির কোনো সমঝোতা হতে পারে না।
সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম শ্রমজীবী মানুষের সন্তানদের শিক্ষা ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শ্রমিক পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হলে ভারত সরকারকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ও আব্দুল হান্নান মাসউদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, শ্রমবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান, প্রশিক্ষণ সম্পাদক এম এম শোয়েব এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদস্যসচিব আবুল কাশেম মাস্টার, গাজীপুর মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, সদস্যসচিব ওমর ফারুকসহ মহানগর, জেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে আট দফা দাবিতে ভোগড়া বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি বর্ষা হলের সামনে দিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিকে, কেন্দ্রীয় নেতাদের গাজীপুর সফর উপলক্ষে নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এ সময় জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেসবাহ, সদর উপজেলা এনসিপির আহ্বায়ক আলী আকবর আকাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম ও মহানগর এনসিপির আহ্বায়ক সদস্য হাবিব চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির পোস্টারে আওয়ামী লীগকে ‘ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিচারের দাবি, গণহত্যার রায় বাস্তবায়ন এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিও উল্লেখ করা হয়।