যে কারণে আজ ডাকসু-রাকসু-চাকসু-জাকসু ও জকসু নেতাদের নিয়ে বসছেন জামায়াত আমির
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ আয়োজনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেবেন।
আজ শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।
আয়োজকদের সংশ্লিষ্টরা জানান, তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের প্রত্যাশা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা জানার উদ্দেশ্যে এ মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। এতে ছাত্ররাজনীতি, বিশ্ববিদ্যালয়গুলোর বর্তমান পরিস্থিতি, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ভবিষ্যৎ নেতৃত্বের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতোমধ্যে সবাই আমন্ত্রণ পেয়েছেন। ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের কথা জানান। সেখানে তিনি বলেন, ‘আগামী ২৭ নভেম্বর আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উদ্যোগে পাঁচটি ক্যাম্পাস—ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, জকসুর নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে Beyond Campus: Leading Tomorrow।’
তিনি আরও বলেন, ‘প্রোগ্রামটি দেশের পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিদের এক মিলনমেলায় পরিণত হবে। ছাত্র সংসদে দায়িত্ব পালন করতে গিয়ে তারা যে অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও বাস্তবজ্ঞান অর্জন করেছেন, তা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তারুণ্যের নেতৃত্বের বিকাশ ও সম্ভাবনাকে মূল্যায়নের এ উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উল্লেখ করে জামায়াত আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তারুণ্যকে যথাযথ স্বীকৃতি দেওয়া, তাদের নেতৃত্বের বিকাশে উৎসাহিত করা এবং আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনাকে মূল্যায়ন করার এমন সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক উদ্যোগ নেওয়ার জন্য আমীরে জামায়াতকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’