২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন আমির হামজা
কুষ্টিয়া শহরে জামায়াতের এক নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়া সফরে গেলে তার কাছে অভিযোগ জানাবেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনায় বিএনপি নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে তাদের নাম ধরে প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলে ধরার কথা জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে তিনটায় ঢাকারোডের পার্শ্ববর্তী হাজী শরীয়তুল্লাহ এতিমখানায় কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমির হামজা। বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াতের রোকন শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং দলটির রোকন ও ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাজাহান আলী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আমির হামজা বলেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’
জামায়াত নেতা শাজাহান আলীর বিরুদ্ধে বালুঘাটে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আমির হামজা বলেন, ‘একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয়। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে। জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্য। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোনো জায়গায় ঠিক নেই। গত ৫৫ বছরের ভেতরে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।’
কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।’
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্প ট্রাক সড়ক দিয়ে চলাচল করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করায় তার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপির নেতা-কর্মীরা। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টা মামলা করবেন বলে জানান শাজাহান আলী।
প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরকে স্বাগত জানিয়ে আমির হামজা বলেন, ‘প্রধানমন্ত্রী কুষ্টিয়াতে দুই তারিখে আসবেন, দল-মত নির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই।’
এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কথিত সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন আমির হামজা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই। আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সঙ্গে তো বাস্তবের কোনো মিল নেই।’