‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগের ঘোষণার এক দিন পর বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বোরহান মাহমুদ বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের মৃত গোলাম মাওলার ছেলে। চেক ডিজঅনার মামলায় আদালতের পূর্বের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৮ লাখ ২০ হাজার টাকার চেক ডিজঅনারের অভিযোগে বোরহান মাহমুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় আদালত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ধারায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গ্রেপ্তারের আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে পদত্যাগের একটি ফটোকার্ড প্রকাশ করেন বোরহান মাহমুদ। সেখানে তিনি ভবিষ্যতে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই পুরোনো মামলায় তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বোরহান মাহমুদ চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।