এনসিপি নেত্রীকে শোকজ
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব সাদিয়া আফরিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা জমা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, সাদিয়া আফরিনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।
এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে কেন পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান ও কেন্দ্রীয় দপ্তর বরাবর সশরীরে তা দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিষয়টি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। তাকে তিন দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। শোকজ একটি দৈনন্দিন রুটিন।’
শোকজের বিষয়ে জানতে সাদিয়া আফরিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে কেন শোকজ করা হয়েছে বিষয়টি আমি এখনও জানি না। আমাকে বিস্তারিত জানানো হয়নি। মাত্রই ঘুম থেকে উঠে দেখলাম আমাকে শোকজ করা হয়েছে।