বালু উত্তোলনের বিরোধে হামলা-গুলি, জামায়াত নেতার বাড়ি-কার্যালয়ে ভাঙচুর
কুষ্টিয়ার জুগিয়ায় বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতার বাড়ি, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সংঘর্ষে দলটির ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাতটি গুলির খোসাসহ তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটারমোড় ও ভাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন জুগিয়া এলাকার নজরুল, শরিফুল, রফিকুল, ইউনুস ও লাল মিয়া। তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুগিয়া ভাটাপাড়া ঘাটে বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মহিদুল ইসলামের কাছ থেকে ঘাটটির মালিকানা পরিবর্তনের পর কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু সেটির দায়িত্ব নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর সেখানে বালু উত্তোলন শুরু হয়।
অভিযোগ রয়েছে, নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত বালু উত্তোলনের ফলে এলাকার রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির পাশাপাশি সামাজিক পরিবেশও বিঘ্নিত হয়। এর প্রতিবাদে সম্প্রতি এলাকাবাসী সংশ্লিষ্ট সড়কটি বন্ধ করে দেন।
জামায়াত নেতাকর্মীদের দাবি, গড়াই নদের বালুমহল থেকে বালুবাহী ট্রাক চলাচলের কারণে এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা এলাকায় গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। তাদের দাবি, ওই নির্দেশের জের ধরেই বুধবার রাতে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বুধবার রাতে দেড় থেকে দুই শতাধিক লোকের একটি দল জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা চালায়। তিনি জামায়াতে ইসলামীর ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও শহর শাখার ইউনিট সদস্য। হামলাকারীরা তার বাসভবন, কার্যালয় ও সামনের দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালায়। একই সময়ে ১৫ নম্বর ওয়ার্ড জামায়াত কার্যালয়েও হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য শাজাহানের বাড়ি ও কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় ব্যাপক ভাঙচুর করা হয়। এলাকাবাসী বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় শাজাহান আলীসহ জামায়াতের ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ভুক্তভোগী পক্ষের অভিযোগ, কুষ্টিয়া শহর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনিসহ জেলা পর্যায়ের কয়েকজন নেতার নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপির কর্মীরা। তাদের দাবি, জামায়াত নেতা শাজাহান আগে বালুমহল থেকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে চাঁদা নিতেন। বর্তমানে তিনি সেই টাকার পরিমাণ বাড়িয়ে এক লাখ টাকা দাবি করছেন। তাদের আরও দাবি, হামলার ঘটনাটি জামায়াত নিজেরাই সাজিয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক বলেন, ‘বালু নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পতিত ফ্যাসিস্টের দোসরদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আমাদের সমর্থকদের কুপিয়ে আহত করেছে। এ সময় কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে।’
অভিযোগের বিষয়ে কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি বলেন, ‘আমি ঢাকায় ছিলাম। কারা এ হামলা চালিয়েছে, এ বিষয়ে কিছুই জানি না।’
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, জুগিয়ায় বালু উত্তোলন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে তাজা ও ব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওসি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।