কাল সারাদেশে বিক্ষোভ, গোপালগঞ্জের কর্মসূচি নিয়ে যা বলল জেলা জামায়াত
আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারা দেশের জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কেন্দ্রের নির্দেশনা থাকলেও গোপালগঞ্জে বড় ধরনের কর্মসূচি পালিত হবে না বলে জানিয়েছেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক রেজাউল করিম মোল্লা। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গোপালগঞ্জেও স্থানীয় সামর্থ্য অনুযায়ী কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে রেজাউল করিম মোল্লা বলেন, ‘গোপালগঞ্জে ওই ধরনের কোনো প্রোগ্রাম হবে না কাল। না করার কারণ হচ্ছে, গোপালগঞ্জের বিষয়টা নিয়ে আমরা তো একটু ভিন্ন রকম কর্মসূচি পালন করে থাকি। এইটাই আর কি। যেমন আমরা এখানে যেহেতু একটা দল অধ্যুষিত এলাকা, আমরা সংগঠন করে থাকি, সেহেতু তাদের মন-চিন্তা-চেতনা বুঝেই আমরা বিশেষ করে কর্মসূচি সবসময় দিয়ে থাকি। শিথিল করি আর কি।’
কেন্দ্রের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনার ভিতরে আমাদের জন্য কিছুটা ছাড় তো থাকেই, সবসময় থাকে।’
‘গোপালগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো ধরনের হুমকি বা চাপ রয়েছে কি না?’ এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম মোল্লা বলেন, ‘না, আওয়ামী লীগ থেকে জামায়াতকে এ পর্যন্ত কোনো হুমকি ওইভাবে দেয়নি। আমার সে ধরনের কোনো হুমকি অনুভব করিনি।’
তবে কেন্দ্রীয়ভাবে সব জেলায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, ‘সব জেলাকে বলা হয়েছে এবং সব জেলাই কর্মসূচি পালিত হবে।’
গোপালগঞ্জের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যেখানে যতটুকু সামর্থ্য তা অনুযায়ী করবে আর কি। সব জেলা তো আর সমান স্ট্রেং না। যেখানে যেরকম জনসম্পৃক্ততা আছে, লিডারশিপ আছে, ওনারা ওনাদের সামর্থ্য অনুযায়ী করার জন্য বলা হয়েছে। কোনো জেলা হয়তো অনেক বড় করে করবে, কোনো জেলা একটু বড়, মহানগরগুলো তো সব সমান করতে পারে না। গোপালগঞ্জেও সামর্থ্যানুযায়ী কর্মসূচি পালন করা হবে।’
উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কর্মসূচি রয়েছে জামায়াতের। দলটির পূর্বঘোষিত ৪০ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হচ্ছে।