২৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৪

ছাত্রদলের রাজনীতিতে ‘ভাইয়ার গ্রুপ’, বিএনপিতেও প্রভাব বলয়

ছাত্রদলের সাবেক নেতৃত্ব  © টিডিসি ও এআই সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রধানতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে নেতৃত্বের পালাবদল শুধু একটি কমিটি থেকে আরেকটি কমিটি গঠনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে আসা নেতাদের অনেকেই নিজেদের সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে আলাদা অনুসারী বলয় তৈরি করেছেন। ছাত্রদলের রাজনীতিতে এসব বলয় পরিচিতি পেয়েছে ‘অমুক ভাইয়ার গ্রুপ’ হিসেবে। সময়ের পরিক্রমায় এসব নেতার অনেকেই বিএনপির মূল রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। তাদের অনুসারীরাও দলটির বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করেছেন।

বিশেষজ্ঞদের মতে, এমন বলয় দেশের প্রায় সব রাজনৈতিক দলে দেখা যায়। এতে রাজনীতিতে ইতিবাচক ও নেতিবাচক দুটি দিকই দেখা যায়। তাদের মতে, সংগঠনের গঠনতন্ত্র মতে সবকিছু চলে। এর বাইরে অগণতান্ত্রিক কোনো চাপিয়ে দেওয়া যায় না। যদিও জাতীয় রাজনীতিতে সাবেক ছাত্রনেতাদের কনসার্ন থাকা উচিত। তাদের পরামর্শ নেওয়া যেতে পারে। একটি অ্যালামনাই প্ল্যাটফর্‌ম হিসেবে দলকে বুদ্ধি-পরামর্শ দিতে পারে। তবে এমন বলয়ের ফলে সম্ভাবনাময় অনেক নেতৃত্ব অকালে ঝড়ে পড়তেও দেখা যায়।

১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত ছাত্রদলের প্রথম আহ্বায়ক ছিলেন কাজী আসাদুজ্জামান। প্রতিষ্ঠার পর আশি ও নব্বইয়ের দশকে সংগঠনটি সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময়ে একের পর এক নেতৃত্বের উত্থান ঘটে। তাদের কাউকে ঘিরে তৈরি হয় শক্তিশালী সাংগঠনিক বলয়, কারও অনুসারীরা পরবর্তী নেতৃত্বেও নিজেদের অবস্থান ধরে রাখেন। 

আশির দশকের ছাত্রদলের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে ছিলেন মাহবুবুল হক বাবলু ও সানাউল হক নীরু। তাদের সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয়তা ছাত্রদলের কর্মীদের মধ্যে ব্যাপক প্রভাব তৈরি করে। বাবলু ছিলেন সংগঠনটির অন্যতম জনপ্রিয় ছাত্রনেতা। ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে হামলায় গুরুতর আহত হয়ে পরদিন তিনি মারা যান। তার অকালমৃত্যু ছাত্রদলের রাজনীতিতে বড় শূন্যতা তৈরি করে। অন্যদিকে নীরু পরবর্তী সময়ে বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।

এই সময়ের আরেক গুরুত্বপূর্ণ নেতা শামসুজ্জামান দুদু। ১৯৮৫ ও ১৯৮৬ সালে তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন। তার নেতৃত্বাধীন সময়ে সাধারণ সম্পাদক ছিলেন জালাল আহমেদ। পরে আসাদুজ্জামান রিপন সভাপতি হলে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন মাহবুবুল হক বাবলু। দুদু ও রিপন একই কমিটির নেতৃত্বে না থাকলেও তাদের আলাদা সাংগঠনিক পরিচিতি ও অনুসারী বলয় তৈরি হয়েছিল।

পরবর্তী সময়ে দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং রিপন দলটির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন। দুজনই এখন দলটির অন্যতম ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

রিজভী-ইলিয়াস: ভোটে নির্বাচিত নেতৃত্ব, তিন মাসেই অবসান
ছাত্রদলের নেতৃত্বের ইতিহাসে রুহুল কবির রিজভী ও এম ইলিয়াস আলীর জুটি একটি ব্যতিক্রমী অধ্যায়। ১৯৯২ সালের ১৬ জুন অনুষ্ঠিত ছাত্রদলের পঞ্চম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন রুহুল কবির রিজভী এবং সাধারণ সম্পাদক হন এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর তৃণমূলের কাউন্সিলরদের ভোটে নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে তারা দায়িত্ব পেয়েছিলেন।

কিন্তু তাদের নেতৃত্বের সেই অধ্যায় দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র তিন মাসের মাথায়, একই বছরের সেপ্টেম্বরে বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়া কমিটি ভেঙে দেন। ‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত নেতৃত্ব’ চরম ব্যর্থ হওয়ার ‘মাশুল’ ছাত্রদলকে দিতে হয় কড়ায়-গন্ডায়। সেই থেকে পরবর্তী সময়ে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচনে প্রত্যক্ষ ভোটের ধারাও কার্যত বন্ধ হয়ে যায়। 

এই কমিটির স্বল্পস্থায়িত্বের পেছনে নেতৃত্বের অভ্যন্তরীণ বিরোধ, সাংগঠনিক দ্বন্দ্ব এবং তৎকালীন ছাত্ররাজনীতির ক্যাডারনির্ভর সংস্কৃতি নিয়ে নানা আলোচনা ও অভিযোগ রয়েছে। বিশেষ করে ইলিয়াস আলীর নেতৃত্বের ধরন এবং তার সঙ্গে রিজভীর রাজনৈতিক দূরত্বকে কমিটি ভেঙে দেওয়ার অন্যতম প্রেক্ষাপট হিসেবে দেখেন ছাত্রদলের তৎকালীন রাজনীতি সম্পর্কে অবগত ব্যক্তিরা। তবে এসব অভিযোগের সবকিছুর স্বাধীন প্রামাণ্যতা নেই।

কমিটি ভেঙে গেলেও দুই নেতার রাজনৈতিক পথ আলাদা ধারায় এগিয়েছে। রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন। দলটির দপ্তর, প্রচার ও সাংগঠনিক কর্মকাণ্ডে তার দীর্ঘ সম্পৃক্ততা তাকে আলাদা রাজনৈতিক বলয় ও অনুসারী গোষ্ঠী তৈরি করতে সহায়তা করেছে। বর্তমানে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়।

অন্যদিকে এম ইলিয়াস আলী সিলেটকেন্দ্রিক রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করেন। বিএনপির সিলেট জেলা ও মহানগর রাজনীতিতে তার অনুসারীদের একটি প্রভাবশালী ধারা গড়ে ওঠে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সিলেট বিএনপির নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হওয়ার পর তার রাজনৈতিক বলয়ের ভবিষ্যৎও নতুন বাস্তবতার মুখে পড়ে। তার অনুসারীদের অনেকে এখনো সিলেটের বিএনপি রাজনীতিতে সক্রিয়।

রিজভী-ইলিয়াসের নেতৃত্বাধীন কমিটির সবচেয়ে বড় রাজনৈতিক তাৎপর্য হলো, কাউন্সিলরদের ভোটে নির্বাচিত নেতৃত্বের ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। বরং সেই কমিটির পতনের পর দীর্ঘ ২৭ বছর ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব প্রত্যক্ষ ভোটের বাইরে ছিল। ২০১৯ সালে আবার কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ নেওয়া হলে ১৯৯২ সালের অভিজ্ঞতা নতুন করে আলোচনায় আসে। 

রিজভী-ইলিয়াস কমিটি স্থায়ীত্ব না পেলেও এই দুই নেতা দীর্ঘসময় ধরে বিএনপির রাজনীতিতে নিজ নিজ অবস্থানপোক্ত করার সঙ্গে সঙ্গে নিজেদের অনুসারীও তৈরি করেছেন। বর্তমান বিএনপির রাজনীতি রিজভী আহমেদ নিজে দলটির দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক নেতা। তাছাড়া বিএনপির রাজনীতিতে তার অনেক অনুসারীও দলের বেশ সুবিধাজনক ও শক্তিশালী অবস্থানে রয়েছেন। আর ইলিয়াস আলী নিজে গুমের শিকার হলেও এখনও তার অনপিস্থিতিতে বিএনপির রাজনীতিতে ব্যাপক প্রভাব রেখে চলেছেন। 

রিজভী-ইলিয়াস বলয়ের রাজনীতি থেকে উঠে আসা নেতাদের মধ্যে রকিবুল ইসলাম বকুল অন্যতম। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি বকুল ছাত্ররাজনীতিতে ইলিয়াস আলীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তী সময়ে তিনি বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করেন। ২০২৩ সালের ৮ জানুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত হন তিনি।

দলের হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে পরিচিত বকুল বর্তমানে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত। ছাত্রদলের পুরোনো অনুসারী বলয় থেকে উঠে এসে বিএনপির হাইকমান্ডের ঘনিষ্ঠ পরিসরে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে তার রাজনৈতিক উত্থানও তাৎপর্যপূর্ণ।

এদিকে, নব্বইয়ের দশকে ছাত্রদলের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী জুটিগুলোর একটি ছিল আমানউল্লাহ আমান ও খায়রুল কবির খোকন। আমান ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংগঠনটির সাধারণ সম্পাদক ও পরে আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের ৬ জুন ডাকসু নির্বাচনে আমান ভিপি এবং খোকন জিএস নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন প্যানেল ডাকসুর ২০টি পদেই জয়লাভ করে। 

ডাকসু নির্বাচনে এই নিরঙ্কুশ বিজয় এরশাদবিরোধী ছাত্র আন্দোলনে নতুন গতি সঞ্চার করে। আমান-খোকনের নেতৃত্বাধীন ডাকসু ছাত্রদলের সাংগঠনিক শক্তিকে ক্যাম্পাসের গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ছাত্রসংগঠনকে নিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন, আন্দোলনের কর্মসূচি ঘোষণা, মিছিল-সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে সামরিক স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

১৯৯০ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন ডাকসুর এই নেতৃত্ব রাজপথের আন্দোলনেও সক্রিয় ছিল। ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে ছাত্রসমাজের সেই আন্দোলন একটি ঐতিহাসিক পরিণতি পায়।

ছাত্রদলের এই সময়ের নেতৃত্বকে কেন্দ্র করে আমান ও খোকনের পৃথক অনুসারী বলয়ও গড়ে ওঠে। তাদের সঙ্গে রাজনীতি করা অনেক ছাত্রনেতা পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। আমান নিজে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছান এবং খোকনও দলটির কেন্দ্রীয় নেতৃত্বে প্রতিষ্ঠিত হন। তাদের রাজনৈতিক উত্তরাধিকার ও অনুসারী বলয় পরবর্তী প্রজন্মের ছাত্রনেতাদের মধ্যেও প্রভাব বিস্তার করে।

আমানের রাজনৈতিক বলয়ের সঙ্গে সম্পৃক্ত ছাত্রনেতাদের মধ্যে সুলতান সালাউদ্দিন টুকুর নামও আলোচনায় আসে। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে কেন্দ্রীয় রাজনীতিতে উঠে আসা টুকু পরবর্তী সময়ে সংগঠনটির সভাপতি হন। এরপর যুবদলের আহ্বায়ক ও সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। ছাত্রদল থেকে যুবদল হয়ে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও সরকারে তার অবস্থান তৈরি হওয়া সংগঠনটির নেতৃত্বের উত্তরাধিকারের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

পরবর্তী সময়ে ফজলুল হক মিলন ও নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে ঘিরে ছাত্রদলের রাজনীতিতে পৃথক অনুসারী বলয় তৈরি হয়। মিলন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে পরবর্তী সময়ে বিএনপির সাংগঠনিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। পিন্টু সাধারণ সম্পাদক ও সভাপতি—দুই দায়িত্বই পালন করেন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হলেও ২০১৫ সালে কারাগারে তার মৃত্যু হয়। পিন্টুর পর সাহাবুদ্দিন লাল্টুর নেতৃত্বও ছাত্রদলে একটি অনুসারী ধারা তৈরি করেছিল। তবে পরবর্তী সময়ে লাল্টু বিএনপির মূলধারার রাজনীতি থেকে দূরে সরে যান।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব-উন-নবী খান সোহেল ছিলেন একই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের নেতৃত্বাধীন সময়ে ছাত্রদলের সাংগঠনিক তৎপরতা ও রাজপথের আন্দোলনে সক্রিয়তা ছিল উল্লেখযোগ্য। পরে সোহেলও সংগঠনটির সভাপতি হন। দুজনই পরবর্তী সময়ে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। এ্যানি বর্তমানে সরকারের পানিসম্পদ মন্ত্রী এবং সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব। তাদের অনুসারীদের একটি অংশও বিএনপির বিভিন্ন পর্যায়ে সক্রিয়। বিএনপির রাজনীতিতে ও সরকারে তাদের অনেক অনুসারী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

একইভাবে আজিজুল বারী হেলাল ও শফিউল বারী বাবুর নেতৃত্বের সময়ও ছাত্রদলে তাদের অনুসারীদের আলাদা পরিচিতি ছিল। হেলাল বর্তমানে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য। অন্যদিকে শফিউল বারী বাবু স্বেচ্ছাসেবক দলের সভাপতি হয়েছিলেন। ২০২০ সালে তার মৃত্যু হয়। এরপর সুলতান সালাউদ্দিন টুকু ও আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে ছাত্রদলের আরেকটি প্রভাবশালী সময় পার হয়। টুকু পরবর্তী সময়ে যুবদলের শীর্ষ নেতৃত্বে আসেন এবং বর্তমানে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী। আলিমও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ছাত্রদল ও বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এ্যানি ও টুকু। ভূমিকা রাখার পাশাপাশি তারা তাদের অনুসারীদেরও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সংগঠনে বসিয়ে দলীয় রাজনীতিতে নিজেদের আলাদা ‘বলয়’ তৈরির সক্ষমতা রাখেন। ছাত্রদলের কমিটিতে এ্যানি- টুকুর অনুসারী বা বলয়ের নেতারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং আগামী নতুন কমিটিতেও থাকবেন বলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা আছে। 

এসব নেতৃত্বের উত্থান-পতনের মধ্য দিয়ে ছাত্রদলের রাজনীতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে—কেন্দ্রীয় কমিটির পদই কোনো নেতার রাজনৈতিক প্রভাবের একমাত্র মাপকাঠি নয়। ব্যক্তিগত যোগাযোগ, দীর্ঘদিনের কর্মী সম্পর্ক, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক সংকটে কর্মীদের পাশে থাকার সক্ষমতা থেকেও অনুসারী বলয় তৈরি হয়। কোনো নেতা মূলদল বিএনপিতে গুরুত্বপূর্ণ পদে গেলে তাঁর পুরোনো অনুসারীদের অনেকে সেখানেও রাজনৈতিক যোগাযোগ ও অবস্থান তৈরি করেন।

তবে সব বলয়ের পরিণতি এক নয়। কেউ বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছেছেন, কেউ সংসদ ও সরকারে দায়িত্ব পেয়েছেন। আবার কেউ অকালমৃত্যু, দলীয় বিরোধ, রাজনৈতিক নিষ্ক্রিয়তা কিংবা দল থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে গেছেন। ফলে ছাত্রদলের ইতিহাস কেবল সফল নেতাদের উত্থানের ইতিহাস নয়; এটি রাজনৈতিক ধারাবাহিকতা, অনুসারী তৈরির সক্ষমতা এবং নেতৃত্বের উত্তরাধিকার ধরে রাখারও ইতিহাস।

রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ড. এমরান হুসাইন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ভাইয়ার গ্রুপ’ দেশের বড় বড় সব রাজনৈতিক দলে দেখা যায়। এর মাধ্যমে চেইন মেন্টেইন করে চলে নেতা ও তার অনুসারীরা। এর ফলে অনেক সময় দলের ইনিট্রগিটিও নষ্ট হয়। সম্ভাবনাময় অনেক নেতৃত্ব অকালে ঝড়ে পড়তে দেখা গেছে।