আমিরের ভিসা ইস্যুতে অপপ্রচার, আনুষ্ঠানিক বিবৃতি দিল জামায়াত
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া সফরকালে বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমানের ভিসা ইস্যুতে অপপ্রচার নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে বলেন, ‘‘আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে আজ সকাল সাড়ে ৯টায় ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। অস্ট্রেলিয়া সফরকালে তিনি নির্ধারিত সব কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।’’
বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘‘অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমিরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।’’
তিনি আরও বলেন, ‘‘বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। প্রবাসী ভাই-বোনেরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা অত্যন্ত খোলামেলাভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। আমিরে জামায়াত তাদের সব কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।’’
জানা যায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়া হয়ে ২৬ নভেম্বর আমিরের দেশে ফেরার কথা থাকলেও মালয়েশিয়া সফর বাদ দিয়েই আজ দেশে ফিরছেন।
এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া সফরে সিডনিতে পৌঁছান জামায়াত আমির। পরদিন শনিবার (২১ নভেম্বর) সিডনির চুলোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের আয়োজনে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। একই দিনে সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। রবিবার (২২ নভেম্বর) পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জানা গেছে, ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে আপত্তি জানিয়েছে দেশটির ইহুদি ও হিন্দু সম্প্রদায়ের সংগঠন দুটি। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতের রাজনৈতিক ইতিহাস, ডা. শফিকুর রহমানের অতীতের বিভিন্ন বক্তব্য এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তুলে তার ভিসা বাতিলের দাবি জানানো হয় অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের কাছে। একই সঙ্গে তাকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়ে আলবানিজ সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে সংগঠন দুটি।
তার সফরের বিরোধিতা করে ফিলিস্তিনের হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও ইসমাইল হানিয়াকে নিয়ে তার অতীতের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।
তাদের অভিযোগ, তিনি হামাসের সাবেক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিপ্রেক্ষিতে সিনওয়ার সম্পর্কে তার এমন মন্তব্যের বিষয়টি অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে আলোচনায় এসেছে।