২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৫

‘হেঁটে হেঁটে বা প্লেনে বাংলাদেশে চলে যাচ্ছি’—হাসিনা ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন

শেখ হাসিনা  © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমের মধ্যে হেঁটে হেঁটে কিংবা বিমানে করে বাংলাদেশে ফিরে আসার দুঃস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ‘মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘হাসিনা সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। দেশে আসলে তাকে কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’