২৪ নভেম্বর ২০২৬, ০০:০৮

আ. লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ বিএনপি নেতাকর্মীদের

আগুন দেওয়া বাড়ী  © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িগুলোতে থাকা আটটি মোটরসাইকেলও পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তার দাবি, আওয়ামী লীগবিরোধী স্লোগান দিয়ে তার শ্বশুর ইউনিয়ন জামায়াত আমিরের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ ঘটনার পর রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঘটনাটিকে বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড বলে অভিযোগ করেন শিবির সাবেক সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি দাবি করেন, তার শ্বশুরবাড়িতে মিছিল নিয়ে গিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। 

সোমবার রাতে ফেসবুক স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, “(পাবনা ঈশ্বরদী) বিএনপির সন্ত্রাসীদের অভিনব কৌশল: আওয়ামী লীগের স্লোগানের আড়ালে জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগ! আমার শ্বশুরবাড়িতে হঠাৎ করেই বিএনপির সন্ত্রাসীরা মিছিল নিয়ে এসে অগ্নিসংযোগ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, তাদের স্লোগান ছিল আওয়ামী লীগের নামে!”

তিনি বলেন, “অথচ বাস্তবতা হচ্ছে, আমার শ্বশুর সংশ্লিষ্ট ইউনিয়ন জামায়াতের আমীর এবং আমার চাচা শ্বশুর জেলা জামায়াতের সেক্রেটারিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত। আওয়ামী লীগের স্লোগান দিয়ে জামায়াত নেতার বাড়িতে আগুন দেওয়ার এই অভিনব কৌশলের উদ্দেশ্য কী? নিজেদের অপকর্ম আড়াল করা, নাকি ঘটনার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা?”

স্ট্যাটাসে মঞ্জুরুল ইসলাম লেখেন, এমন ঘটনা ঘটার সময় প্রশাসনের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। অগ্নি সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে হবে।”

এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের রঙ্গিলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। আহতদের প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহালের নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে। এর কয়েক ঘণ্টা পর মাজদিয়া এলাকায় স্থানীয় জামায়াত নেতাদের চারটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।