দায়িত্বশীল নেতৃত্বের অভাবে মুসলিম লীগের পথে হাঁটছে আওয়ামী লীগ
একসময় উপমহাদেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ। পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে যে দলটি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল, মাত্র কয়েক বছরের ব্যবধানে পূর্ব বাংলায় সেই দলই হয়ে পড়ে জনবিচ্ছিন্ন। জনগণের ভাষা, অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও অর্থনৈতিক বৈষম্যের প্রশ্নে নেতৃত্বের ব্যর্থতা দলটিকে এমন সংকটে ফেলে, যার পরিণতিতে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কাছে শোচনীয় পরাজয় বরণ করতে হয়। একসময়কার ক্ষমতাধর মুসলিম লীগ পরবর্তী সময়ে নেতৃত্বের বিভক্তি, সাংগঠনিক দুর্বলতা ও জনভিত্তির সংকটে বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়ে। আজও দলটির নামে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর অস্তিত্ব থাকলেও জাতীয় রাজনীতিতে আগের সেই প্রভাব আর নেই। বাস্তবে জাতীয়তাবাদী চেতনার এই শক্তিশালী দলটি বর্তমানে ব্র্যাকেটবন্ধী দলে পরিণত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে এখন অনেকটা একই ধরনের পরিণতির মুখোমুখি হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যে দলটির জন্ম হয়েছিল গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক স্বাধীনতা ও বাঙালির স্বার্থ প্রতিষ্ঠার আন্দোলনের মধ্য দিয়ে, স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক গৌরবও রয়েছে যার, সেই দলটিই নেতৃত্বের এককেন্দ্রিকতা, গণতন্ত্রহীনতা, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এবং জনগণের মতামত উপেক্ষার কারণে আজ অস্তিত্বের সংকটে পড়েছে। বিশেষ করে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দলীয় নেতৃত্ব ও রাষ্ট্রীয় ক্ষমতা প্রায় সমার্থক হয়ে ওঠায় আওয়ামী লীগের নিজস্ব সাংগঠনিক শক্তি, জনসম্পৃক্ততা এবং নেতৃত্ব তৈরির প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুসলিম লীগের উত্থান ও পতনের ইতিহাস
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে মুসলিম লীগ তৎকালীন পূর্ব বাংলায় রাষ্ট্রক্ষমতার অংশীদার হয়। ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগের ব্যাপক বিজয় দলটিকে পূর্ব বাংলার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর জনগণের প্রত্যাশা পূরণে দলটির ব্যর্থতা, নেতৃত্বের অভ্যন্তরীণ কোন্দল, দুর্নীতি, পশ্চিম পাকিস্তানকেন্দ্রিক শাসনব্যবস্থার প্রতি আনুগত্য এবং বাংলা ভাষা ও স্বাধিকারের প্রশ্নে নেতিবাচক অবস্থান জনমনে ক্ষোভ তৈরি করে।
১৯৪৮ সালে ভাষার প্রশ্নে বিতর্ক, ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং পূর্ব বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে জনমত ক্রমেই সংগঠিত হতে থাকে। এই প্রেক্ষাপটে মুসলিম লীগের বিরোধী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট গঠন করে। এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীসহ প্রভাবশালী নেতাদের নেতৃত্বে ২১ দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে অংশ নেয় যুক্তফ্রন্ট।
নির্বাচনের ফল ছিল মুসলিম লীগের জন্য বড় রাজনৈতিক বিপর্যয়। পূর্ব বাংলার ২৩৭টি মুসলিম আসনের মধ্যে মুসলিম লীগ পেয়েছিল মাত্র ৯টি। বিপরীতে যুক্তফ্রন্ট পেয়েছিল ২২৩টি আসন। অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটি মাত্র সাত বছরের ব্যবধানে জনগণের ভোটে প্রায় প্রত্যাখ্যাত হয়। রাজনৈতিক ইতিহাসে এই পরাজয় শুধু একটি নির্বাচনী বিপর্যয় ছিল না; বরং জনমত, ভাষা, অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে ক্ষমতা ধরে রাখার রাজনীতির বিরুদ্ধে জনগণের সুস্পষ্ট রায় ছিল।
পরবর্তী সময়ে পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতির টানাপোড়েন, সামরিক শাসন, দলীয় বিভক্তি এবং নেতৃত্বের সংকটে মুসলিম লীগের সাংগঠনিক শক্তি ক্রমাগত দুর্বল হয়ে পড়ে। একসময়কার সর্বভারতীয় রাজনৈতিক প্রভাব হারিয়ে দলটি বিভিন্ন নামে ও নেতৃত্বে বিভক্ত রাজনৈতিক গোষ্ঠীতে পরিণত হয়।
মুসলিম লীগের বিরোধিতা থেকে আওয়ামী লীগের জন্ম
ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিহাস হলো, মুসলিম লীগের জনবিচ্ছিন্নতার মধ্য দিয়েই পূর্ব বাংলায় আওয়ামী লীগের রাজনৈতিক উত্থান ঘটে। ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের রাজনৈতিক ধারার নেতারাও দলটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৫৫ সালে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে নতুন রাজনৈতিক পরিচয় গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগ গণতান্ত্রিক অধিকার, বাংলাকে রাষ্ট্রভাষা করা, প্রাদেশিক স্বায়ত্তশাসন এবং পূর্ব-পশ্চিম পাকিস্তানের বৈষম্য দূর করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে দলটি বাঙালির জাতীয় মুক্তির আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জনের ইতিহাসের সঙ্গে আওয়ামী লীগের এই ভূমিকা অবিচ্ছেদ্য।
কিন্তু স্বাধীনতার পর সেই গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে পারেনি দলটি। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত শাসনামলে অর্থনৈতিক সংকট, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ, দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে সংঘাত সরকারের জনপ্রিয়তা কমিয়ে দেয়। এরই মধ্যে ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা চালু করা হয়। একই বছরের জুনে বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে বহুদলীয় রাজনীতির অবসান ঘটিয়ে একদলীয় রাষ্ট্রীয় রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করা হয়। সংবাদপত্রের স্বাধীনতাও সংকুচিত করা হয়।
এমন রাজনৈতিক সিদ্ধান্ত আওয়ামী লীগের গণতান্ত্রিক ঐতিহ্য ও জনভিত্তিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর দলটি নেতৃত্বের সংকট, অভ্যন্তরীণ বিভক্তি ও সাংগঠনিক বিপর্যয়ের মুখে পড়ে। পরবর্তী সময়ে শেখ হাসিনা দলের নেতৃত্ব গ্রহণ করলেও আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় ফিরতে অপেক্ষা করতে হয় ১৯৯৬ সাল পর্যন্ত। অর্থাৎ ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রায় ২১ বছর দলটি ক্ষমতার বাইরে ছিল।
১৯৯৬ সালে ক্ষমতায় ফেরার পর ২০০১ সালের নির্বাচনে আবারও পরাজিত হয় আওয়ামী লীগ। এরপর ২০০৮ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসে দলটি। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর টানা প্রায় ১৫ বছর রাষ্ট্রক্ষমতায় থাকে আওয়ামী লীগ।
ক্ষমতার দীর্ঘস্থায়িত্ব, গণতন্ত্রের সংকট ও জনবিচ্ছিন্নতা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের বর্তমান সংকটের অন্যতম কারণ দীর্ঘদিন ধরে ক্ষমতাকে দলীয় অস্তিত্বের প্রধান ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা। ক্ষমতায় থাকার সময় দলটির সাংগঠনিক কর্মকাণ্ড ক্রমেই রাষ্ট্রীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাকেন্দ্রিক প্রভাববলয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। দলের ভেতরে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়। তৃণমূলের মতামতের চেয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তই হয়ে ওঠে চূড়ান্ত।
২০১৪ সালের ৫ জানুয়ারি, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক ও বিরোধীদের অংশগ্রহণের সুযোগ সংকুচিত হওয়ার অভিযোগ দলটির গণতান্ত্রিক গ্রহণযোগ্যতাকে আরও প্রশ্নবিদ্ধ করে। বিশেষ করে বিরোধী দলের আন্দোলন দমন, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ এবং গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হওয়ার বিষয়গুলো দেশি-বিদেশি মানবাধিকার সংস্থার প্রতিবেদনেও উঠে আসে।
হিউম্যান রাইটস ওয়াচের বিভিন্ন প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার এবং রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-পীড়নের অভিযোগ নথিভুক্ত হয়েছে। ফলে আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ শুধু বিএনপি বা জামায়াতে ইসলামীতে সীমাবদ্ধ থাকেনি; নাগরিক সমাজ, শিক্ষার্থী, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যেও সরকারের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে।
অন্যদিকে দলটির অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিস্তার ঘটে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সময়ে বিতর্কিত ব্যক্তিদের দলীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে আসীন করার অভিযোগ ওঠে। ব্যবসা-বাণিজ্য, টেন্ডার, নিয়োগ, ব্যাংকিং খাত ও প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হয়। এসব অভিযোগের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী সময়ে দুর্নীতি ও অর্থপাচারের তদন্ত শুরু হয়। ফলে স্বাধীনতার নেতৃত্ব দেওয়া দলটির ঐতিহাসিক ভাবমূর্তির সঙ্গে শাসনামলের বাস্তবতার বড় ব্যবধান তৈরি হয়।
গণ-অভ্যুত্থানে পতন, পালিয়ে ভারতে শেখ হাসিনা
২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, প্রাণহানি, নির্বিচার গ্রেপ্তার এবং সরকারের কঠোর অবস্থানের কারণে আন্দোলন দ্রুত সরকারবিরোধী গণ-আন্দোলনে রূপ নেয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আন্দোলনের জনসম্পৃক্ততা বাড়তে থাকে। একপর্যায়ে তা সরকার পতনের এক দফা দাবিতে পরিণত হয়।
৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের ২০২৫ সালের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত সহিংসতায় সর্বোচ্চ প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। প্রতিবেদনে তৎকালীন সরকার ও নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগও উঠে আসে।
ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগের বহু নেতা আত্মগোপনে চলে যান, অনেকে দেশত্যাগ করেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, অর্থপাচার ও মানবতাবিরোধী অপরাধসহ নানা অভিযোগে মামলা হয়। তবে সব নেতাকর্মীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অপরাধী সাব্যস্ত না করে প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের নিরপেক্ষ বিচার নিশ্চিত করাও জরুরি।
হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, ঝুঁকিতে তৃণমূল
ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটি অংশ বিদেশে অবস্থান করলেও দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের একটি অংশ প্রথম দিকে অনেকটাই নীরব ছিল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দলটির তৃণমূলের মধ্যে বড় ধরনের সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান ছিল না। কিন্তু শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর দলটির অনুসারীদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা যাচ্ছে।
গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানান। পরবর্তী সময়েও তিনি এ ঘোষণা পুনর্ব্যক্ত করেন। তবে তার দেশে ফেরার প্রক্রিয়া ও বাস্তব সম্ভাবনা এখনো অনিশ্চিত। এদিকে ২০২৬ সালের নভেম্বর মাসে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার খবর পাওয়া গেছে। বিশেষ করে গোপালগঞ্জসহ কয়েকটি এলাকায় সহিংসতার ঘটনায় নতুন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন দেশের ভেতরে থাকা দলটির সাধারণ নেতাকর্মীরা। বিদেশে অবস্থানরত শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক ঘোষণা ও কর্মসূচির বাস্তবায়ন করতে গিয়ে তাদের অনেকে নতুন করে মামলা, গ্রেপ্তার ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে সহিংসতার ঘটনায় বিক্ষুব্ধ মানুষের প্রতিক্রিয়ায় বিভিন্ন স্থানে পলাতক নেতাদের বাড়িঘর ও স্থাপনায় হামলার ঘটনাও ঘটছে। ফলে রাজনৈতিকভাবে বিপর্যস্ত দলটির তৃণমূলের সংকট আরও গভীর হচ্ছে।
দলের ভবিষ্যৎ নাকি এক ব্যক্তির রাজনৈতিক প্রত্যাবর্তন?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের বর্তমান সংকটের কেন্দ্রে রয়েছে নেতৃত্বের প্রশ্ন। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠনের চেয়ে শেখ হাসিনার ব্যক্তিগত রাজনৈতিক প্রত্যাবর্তনকে বেশি গুরুত্ব দেওয়া হলে সাংগঠনিক সংকট আরও বাড়তে পারে। কারণ একটি রাজনৈতিক দলের অস্তিত্ব শুধু একজন নেতার উপস্থিতি কিংবা অনুপস্থিতির ওপর নির্ভরশীল হতে পারে না। গণতান্ত্রিক দল হিসেবে টিকে থাকতে হলে নেতৃত্বের জবাবদিহি, অভ্যন্তরীণ গণতন্ত্র, ভুল স্বীকার, জনগণের কাছে দায়বদ্ধতা এবং নতুন নেতৃত্ব তৈরির সক্ষমতা থাকতে হয়।
বিশেষ করে ২০২৪ সালের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দলটির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক ও নৈতিক দায় নিয়ে জনমনে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার জবাব দেওয়া জরুরি। ক্ষমতাচ্যুত হওয়ার পরও শেখ হাসিনা কিংবা দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এসব ঘটনার জন্য স্পষ্ট রাজনৈতিক দায় স্বীকার, নিহতদের পরিবারের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ কিংবা ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার বিশ্বাসযোগ্য অঙ্গীকার দৃশ্যমান হয়নি। বরং দলটির রাজনৈতিক বক্তব্যে নিজেদের অবস্থানকে বৈধ প্রমাণের চেষ্টা বেশি গুরুত্ব পাচ্ছে বলে সমালোচনা রয়েছে।
এদিকে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। ২০২৬ সালের ৯ এপ্রিল জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অনুমোদনের মধ্য দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান আইনি ভিত্তি পায়। ফলে দলটির রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রশ্ন এখন শুধু নেতৃত্বের সিদ্ধান্তের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে যুক্ত হয়েছে বিচারপ্রক্রিয়া, আইনি বাধা এবং জনআস্থার সংকট।
মুসলিম লীগের ইতিহাস আওয়ামী লীগের জন্য একটি বড় রাজনৈতিক শিক্ষা হতে পারে। মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েও জনগণের ভাষা, অধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করতে না পারায় জনভিত্তি হারিয়েছিল। আওয়ামী লীগও স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করেও পরবর্তী সময়ে গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটাধিকার প্রশ্নে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে।
তবে দুই দলের ঐতিহাসিক প্রেক্ষাপট এক নয়। মুসলিম লীগের পতন হয়েছিল পাকিস্তান রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব ও পূর্ব বাংলার স্বাধিকারের আন্দোলনের মধ্য দিয়ে। আর আওয়ামী লীগের বর্তমান সংকট স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক শাসন, ভোটাধিকার, মানবাধিকার এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হয়েছে।
সুতরাং আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুসলিম লীগের মতো রাজনৈতিকভাবে প্রান্তিক হয়ে পড়বে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যায় না। কিন্তু ইতিহাসের শিক্ষা স্পষ্ট—কোনো দলের অতীত গৌরব, স্বাধীনতা বা রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান কিংবা দীর্ঘদিনের ক্ষমতা তাকে জনগণের সমর্থনের বিকল্প দিতে পারে না। জনগণকে উপেক্ষা করে, নেতৃত্বের ভুল আড়াল করে এবং ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার রাজনীতি আঁকড়ে ধরে কোনো রাজনৈতিক দলের পক্ষে দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। আওয়ামী লীগ যদি এই বাস্তবতা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে মুসলিম লীগের মতো একসময়কার প্রভাবশালী রাজনৈতিক শক্তি থেকে নামসর্বস্ব ও বিভক্ত দলে পরিণত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।