প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক আজ, অংশ নিচ্ছেন ৪ জন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংলাপের প্রথম বৈঠকটি হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারণ করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) গভীর রাতে এনসিপির পক্ষ থেকে এ তথ্য জানান দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর দপ্তর ও এনসিপি সূত্র জানায়, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলটিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে রবিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে দলের কতজন প্রতিনিধি অংশ নেবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে রবিবার (২২ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফর শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফকালে বলেন, জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত।
নাহিদ ইসলাম বলেন, আমাদের আহ্বান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তরান্বিত করা এবং এই যে সামনে আমাদের আসন্ন গঙ্গাচুক্তি—সেটি নবায়নসহ দেশের এই গুরুত্বপূর্ণ যে মৌলিক ইস্যুগুলা আছে এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর—এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ হ,য় তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর এই সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরদিন ১৯ নভেম্বর জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট ১১-দলীয় ঐক্য জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে আনুষ্ঠানিক সাধুবাদ জানায়।
যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর, সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। আমরা এই আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছি।
ইসি কমিটির একজন সদস্য জানায়, বৈঠকে তারা জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ঐক্যে ফাটল ধরার কারণ, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিএনপির কিছু নেতাকর্মী কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ, সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবি তুলবে।
সদস্যসচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একটি স্বাভাবিক জোট বিদ্যমান রয়েছে। নতুন করে ঐক্যের প্রয়োজন হওয়ার অর্থ হলো পূর্ববর্তী ঐক্যে কোথাও ফাটল তৈরি হয়েছে, যার কারণ অনুসন্ধান করা জরুরি।