২২ নভেম্বর ২০২৬, ১৩:১২

টুঙ্গিপাড়ায় ৫ দিনে বিএনপি, এনসিপি ও গণঅধিকারের ১৫ নেতার পদত্যাগ

টিডিসি সম্পাদিত  © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। গত পাঁচ দিনে এসব সংগঠনের ১৬ জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

গত ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত কেউ সংবাদ সম্মেলন করে, কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী অধিকাংশ নেতা ব্যক্তিগত, পারিবারিক ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছেন। তাদের মধ্যে কেউ অজান্তে দলীয় পদ পেয়েছেন দাবি করেছেন। আবার কেউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ওই দিন রাতে গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দুজন ছাড়া পদত্যাগকারী ১৪ জন নেতা এ ঘটনার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। 

স্থানীয় গনমাধ্যমকর্মীদের সুত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সকালে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. লুৎফর ফকির ও তার ছেলে মিরান ফকির। পরে ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন কুশলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আনিস লস্কর, মো. বাবর মোল্লা, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, উপজেলা বিএনপির সদস্য আসলাম ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ফায়েকুজ্জামান ফকির, সদস্য সোহেল ফকির, পাটগাতী ইউনিয়ন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রুমান ফকির, উপজেলা যুবদলের সদস্য রাজু ফকির, ডুমুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুরেশ চন্দ্র বসু।

আরও জানা যায়, গত ৫ দিনের বিভিন্ন সময়ে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নেয়াজুল ইসলাম সোহান, টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সামি। অপরদিকে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার স্থপতি হিসেবে উল্লেখ করে রাজনীতি থেকে স্বেচ্ছায় বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি মুতাসিম বিল্লাহ।

নাম প্রকাশ না করার শর্তে গোপালগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের একজন দায়িত্বশীল নেতা বলেন, ‘টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি পদত্যাগের বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শুনেছি। কিন্তু সাংগঠনিক নিয়ম অনুযায়ী তিনি কোন পদত্যাগপত্র জমা দেননি। এ ছাড়া দুই একজন পদত্যাগ করলেও দলের কোন ক্ষতি হবে না।’

এ বিষয়ে জানতে গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফ রফিকুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেনি। আর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের কল রিসিভ করে ব্যস্ত আছেন জানিয়ে কেটে দেন।