জাতীয় মসজিদে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার সাবেক খতিবের মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশ। তাকে মুক্তি দেওয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন বোর্ডের নেতৃবৃন্দ।শুক্রবার (২০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুফতি রুহুল আমিন একজন আল্লাহভীরু নিষ্ঠাবান আলেম। তাকে গ্রেপ্তারের মাধ্যমে সরকারের ধর্মীয় বিদ্বেষ প্রকাশ পেয়েছে। সরকার মূলত ইসলামবিরোধী শক্তির ফাঁদে পা দিয়ে ধর্মীয় অঙ্গনকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এতে আরও বলা হয়, অতীতেও কোনো সরকার আলেম-উলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সফল হয়নি। বর্তমান সরকারও সফল হবে না। ধর্মীয় অঙ্গন অস্থিতিশীল হওয়ার আগেই লক্ষ লক্ষ আলেম-উলামার উস্তাদ আল্লামা মুফতি রুহুল আমিনকে অতি দ্রুত মুক্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবেন এবং এর দায়ভার সরকারকেই বহন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বোর্ডের সভাপতি, দেশের বিভিন্ন আলেম ও গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিমসহ কওমি মাদরাসার নেতৃবৃন্দের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বোর্ডের নায়েবে মহাসচিব মাওলানা রেজাউল হক।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করা হয় এবং ২০২৪ সালের ২০ সেপ্টেম্বরের সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে।